ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ভোটারদের ভোটপ্রদান সহজ করতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার স্লিপে প্রার্থীদের নাম ও প্রতীক ব্যবহারের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
ইসি কমিশনার জানান, আগে ভোটার স্লিপে প্রার্থীর নাম ও প্রতীকের তথ্য থাকার নিয়ম না থাকলেও এবার ভোটারদের সুবিধার্থে তা অন্তর্ভুক্ত করার সুযোগ দেওয়া হয়েছে। এর ফলে ভোটাররা সহজেই কেন্দ্র শনাক্ত করার পাশাপাশি তাদের কাঙ্ক্ষিত প্রার্থী ও প্রতীক নিশ্চিত করতে পারবেন।
নির্বাচনি উপকরণ বিতরণ প্রসঙ্গে কমিশনার সানাউল্লাহ জানান, বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে এ কার্যক্রম শুরু হবে। দিনের মধ্যেই সব প্রয়োজনীয় উপকরণ সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও জানান, নির্বাচন আয়োজনের সর্বশেষ প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে বুধবার বেলা ১১টায় আন্তর্জাতিক পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মীদের জন্য আলাদা ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।
নির্বাচনের ফল ঘোষণা নিয়ে তিনি বলেন, ফল প্রকাশ হবে স্বাভাবিক প্রক্রিয়ায়। ভোটকেন্দ্র থেকে প্রাথমিক ফলাফল জানানো হবে এবং একই সঙ্গে নির্বাচন কমিশন ভবন থেকেও আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে বলে জানান নির্বাচন কমিশনার।
এতে করে ভোটগ্রহণ ও ফল প্রকাশে স্বচ্ছতা নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করে নির্বাচন কমিশন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ