কারাগারে হৃদরোগে আক্রান্ত নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি হাসপাতালে ভর্তি

রাকিবুল হাসান
প্রকাশ: শনিবার, ০২ মে ২০২৬, ০৪:০৬ অপরাহ্ণ
কারাগারে হৃদরোগে আক্রান্ত নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক: ইরানের কারাগারে বন্দি ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রখ্যাত মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদি গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়েছেন। শুক্রবার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটলে তাকে কারাকক্ষ থেকে জরুরি ভিত্তিতে হাসপাতালে স্থানান্তর করা হয়।

নার্গিস মোহাম্মদি ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, কারাগারে থাকা অবস্থায় শুক্রবার তিনি দুইবার পুরোপুরি জ্ঞান হারিয়ে ফেলেন এবং হৃদরোগে আক্রান্ত হন। কারাগারের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর জানিয়েছেন, সেখানে তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া সম্ভব নয়। দীর্ঘদিন ধরে পরিবারের পক্ষ থেকে তাকে তেহরানের বিশেষায়িত কোনো হৃদরোগ হাসপাতালে পাঠানোর দাবি জানানো হলেও এতদিন কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তাকে জাঞ্জানের একটি হাসপাতালে নিতে বাধ্য হয় কারা কর্তৃপক্ষ।

পরিবার ও ফাউন্ডেশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ৫৩ বছর বয়সী এই মানবাধিকার কর্মীর শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন। শুক্রবার সকালে তীব্র বমি ও উচ্চ রক্তচাপের কারণে তিনি অচেতন হয়ে পড়েছিলেন। পরে তাকে আইভি ফ্লুইড দিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অবস্থার উন্নতি না হওয়ায় ‘শেষ মুহূর্তের’ চেষ্টা হিসেবে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

একজন সংশ্লিষ্ট ব্যক্তি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "নার্গিসের শারীরিক পরিস্থিতি নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। এর আগে মার্চ মাসেও তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তখন তাকে এতটাই দুর্বল দেখাচ্ছিল যে হাঁটার জন্য অন্যের সাহায্য প্রয়োজন ছিল। ইতিপূর্বে তার শরীরে তিনবার এনজিওপ্লাস্টি করা হয়েছে, যার ফলে তার বিশেষায়িত চিকিৎসা অত্যন্ত জরুরি।"

নার্গিস মোহাম্মদির বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। কমিটির পক্ষ থেকে তার সুচিকিৎসা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, ইরানে নারী অধিকার প্রতিষ্ঠা এবং মৃত্যুদণ্ড বিলোপের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার কারণে দীর্ঘদিন ধরে কারানির্যাতন ভোগ করছেন নার্গিস। বর্তমানে তিনি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও উসকানিমূলক মন্তব্যের অভিযোগে ১৩ বছর ৯ মাসের কারাদণ্ড ভোগ করছেন। ২০২৪ সালের শেষের দিকে শারীরিক অসুস্থতার কারণে সাময়িক প্যারোলে মুক্তি পেলেও গত ফেব্রুয়ারিতে তাকে আবারও নতুন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

মানবাধিকার ও স্বাধীনতার পক্ষে লড়াই করা এই নেত্রী কারাবন্দি অবস্থাতেই ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন। তার আইনজীবীরা একটি গণমাধ্যমকে জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে, যা তার জীবনকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।

মন্তব্য করুন