সাঈদ পান্থ, বরিশাল: নদী দখল, নাব্যতা সংকট এবং অপরিকল্পিত ড্রেজিংয়ের কারণে দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী অভ্যন্তরীণ নদীপথ আজ হুমকির মুখে। যাত্রী সংকট ও অবৈধ নৌযানের দাপটে যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে ছোট লঞ্চ চলাচল—এমনটাই আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
এক সময় বরিশাল অঞ্চলে ১৩৩টি নদী থাকলেও বর্তমানে দখল, দূষণ ও ডুবোচরের কারণে সেই ঐতিহ্য হারাতে বসেছে। লঞ্চ মালিকদের অভিযোগ, আধুনিক সড়ক ব্যবস্থার প্রসারের পাশাপাশি নদীপথের সঠিক ড্রেজিং না হওয়ায় নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এছাড়া নিয়ম না মেনে বেপরোয়াভাবে অবৈধ ট্রলার যাত্রী পরিবহন করায় লঞ্চ ব্যবসায়ীরা বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন।
লঞ্চ মালিক সমিতির পক্ষ থেকে নদীপথ রক্ষায় ‘ডিজিটাল রিভার মনিটরিং সিস্টেম’ চালুর দাবি জানানো হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার সভাপতি আলহাজ্ব আজিজুল হক আক্কাস জানান, অবৈধ ট্রলার বন্ধ না হলে অভ্যন্তরীণ সার্ভিস টিকিয়ে রাখা অসম্ভব। ড্রেজিং কার্যক্রমে স্বচ্ছতা আনতে প্রতিটি প্রকল্পে লঞ্চ মালিকদের প্রতিনিধি রাখারও দাবি জানান তারা।
ড্রেজিং বিভাগ বরিশালের নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন উর রশীদ জানিয়েছেন, ড্রেজিং কার্যক্রমকে আরও কার্যকর ও স্বচ্ছ করতে ভবিষ্যতে লঞ্চ মালিক সমিতির প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। তবে স্থানীয়রা মনে করছেন, নদীপথের ঐতিহ্য ফেরাতে এখনই সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।
এ.আই.এল/সকালবেলা