বুর্জ খলিফাকে হারিয়ে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বানাচ্ছে সৌদি
অনলাইন ডেস্ক: বিশ্বের সবচেয়ে উঁচু ভবন নির্মাণের দীর্ঘ প্রতীক্ষিত প্রতিযোগিতা ও প্রকৌশল দক্ষতায় নতুন এক ইতিহাস রচনার পথে দ্রুত এগিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। দেশটির বাণিজ্য নগরী জেদ্দায় নির্মাণাধীন 'জেদ্দা টাওয়ার'-এর উচ্চতা ১ হাজার মিটার (১ কিলোমিটার) অতিক্রম করার লক্ষ্যমাত্রা নিয়ে পুরোদমে এগিয়ে চলছে নির্মাণযজ্ঞ।
সুউচ্চ এই আকাশচুম্বী মেগা প্রকল্পের কাজ সফলভাবে শেষ হলে এটি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বর্তমান বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফাকে (৮২৮ মিটার) বহুদূর পেছনে ফেলে বিশ্বরেকর্ড ছিনিয়ে নেবে।
‘জেদ্দা ইকোনমিক সিটি (JEC) টাওয়ার’ নামে পরিচিত এই বিশালাকার প্রকল্পের কাজ ইতিমধ্যে ৪৩০ মিটার উচ্চতায় পৌঁছে গেছে। প্রকল্প সূত্রে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুসারে, পরিকল্পিত চূড়ান্ত উচ্চতার অন্তত ৪০ শতাংশেরও বেশি অংশের গাথুনি ও স্থাপত্য অবকাঠামোর কাজ সাফল্যের সাথে সম্পন্ন হয়েছে।
সম্প্রতি এই সুবিশাল নির্মাণযজ্ঞ সরেজমিনে পরিদর্শন করেছেন বিশিষ্ট সৌদি বিনিয়োগকারী ও রাজপরিবারের সদস্য প্রিন্স আল-ওয়ালিদ বিন তালাল। পরিদর্শনকালে তিনি দীর্ঘসময় ধরে বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী ও নির্মাণ কর্মীদের সাথে কথা বলেন এবং কাজের অগ্রগতি পর্যালোচনা করেন।
পরিদর্শন শেষে প্রিন্স আল-ওয়ালিদ দৃঢ় প্রত্যয় প্রকাশ করে বলেন, “আল্লাহর অশেষ রহমতে আমাদের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। আমরাই নির্মাণ সম্পন্ন করে বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বিশ্ববাসীকে উপহার দেব।”
উল্লেখ্য, সুউচ্চ জেদ্দা টাওয়ারের প্রাথমিক নির্মাণকাজ শুরু হয়েছিল ২০১৩ সালে। তবে আর্থিক সংকট ও ঠিকাদারি প্রতিষ্ঠান সংক্রান্ত নানা জটিলতায় ২০১৮ সালে এর সার্বিক কাজ সাময়িকভাবে থমকে যায়। এরপর দীর্ঘ জটিলতা কাটিয়ে ২০২৫ সালে নতুন উদ্যমে পুনরায় এর নির্মাণকাজ শুরু হয়।
বর্তমানে অত্যন্ত দ্রুততার সাথে ধারাবাহিক নতুন তলা যুক্ত হচ্ছে ভবনটিতে। প্রাথমিক গতি ও লক্ষ্যমাত্রা বজায় থাকলে ২০২৮ সালের মধ্যে প্রকল্পটি পুরোপুরি সম্পন্ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
তবে জেদ্দা টাওয়ার কেবল উচ্চতার দিক থেকেই অনন্য হবে না; এতে থাকবে আবাসিক বিলাসবহুল ফ্ল্যাট, ফাইভ স্টার্ট হোটেল, বহুজাতিক করপোরেট অফিস এবং বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত দৃষ্টিনন্দন এক পর্যবেক্ষণ ডেক। প্রায় ৫৭ মিলিয়ন বর্গফুটের আধুনিক ‘জেদ্দা ইকোনমিক সিটি’র কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলা হচ্ছে এটিকে।
কিংডম হোল্ডিং কোম্পানির সার্বিক তত্ত্বাবধানে ও মূল পৃষ্ঠপোষকতায় বহুল আলোচিত প্রকল্পটি বাস্তবায়ন করছে জেদ্দা ইকোনমিক কোম্পানি। বিশ্বখ্যাত আর্কিটেকচারাল প্রতিষ্ঠান অ্যাড্রিয়ান স্মিথ অ্যান্ড গর্ডন গিল, থর্নটন টমাসিটি, ল্যাঙ্গান ইন্টারন্যাশনাল এবং সৌদি বিনলাদিন গ্রুপসহ বিশ্বের শীর্ষসারির বিভিন্ন প্রযুক্তিগত ও প্রকৌশল প্রতিষ্ঠান এতে কাজ করছে।
১ কিলোমিটারের বেশি উচ্চতায় পৌঁছানো পৃথিবীর প্রথম এ ভবনের কাজ শেষ হলে বিশ্ব স্থাপত্যশিল্পে এক অভূতপূর্ব অধ্যায়ের সূচনা হবে।
|