প্রধানমন্ত্রী তারেক রহমানের অপেক্ষায় নয়া দিল্লি: ভারতীয় হাইকমিশনার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সরকারপ্রধানকে স্বাগত জানানোর জন্য ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইতোমধ্যে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
আজ বুধবার (২৯ জুলাই ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, "আমি মনে করি, সফরের বিষয়টি মূলত প্রধানমন্ত্রীর অগ্রাধিকারের ওপর নির্ভর করছে। তবে আমাদের পক্ষ থেকে বলতে পারি, বাংলাদেশের সরকারপ্রধানকে ভারতে স্বাগত জানাতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করছি খুব শিগগিরই এই সফরটি বাস্তবায়িত হবে।"
আগামী ১২-১৩ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ ব্রিকসের পূর্ণাঙ্গ সদস্য রাষ্ট্র না হওয়া সত্ত্বেও সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এর আগে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর ভারতীয় হাইকমিশনারের এটিই ছিল প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
বৈঠক শেষে যৌথ সম্পর্কের বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, "আজকের আলোচনা অত্যন্ত চমৎকার ও ইতিবাচক পরিবেশে সম্পন্ন হয়েছে। কারণ উভয় দেশের মূল লক্ষ্য ও অগ্রাধিকারের জায়গাগুলো অভিন্ন। ভৌগোলিক সীমানার পাশাপাশি ইতিহাস, সংস্কৃতি ও খেলাধুলার গভীর বন্ধনে আমরা যুক্ত। এসব বিষয়ে আমাদের মধ্যে খোলামেলা আলোচনা হয়েছে।"
তিনি আরও জানান, বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম স্বাভাবিক করা হয়েছে যেন দুই দেশের জনগণই এর সুফল পেতে পারে। দ্বিপক্ষীয় সম্পর্কের মূল ভিত্তি মানুষের কল্যাণ উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে উভয় দেশ আরও নিবিড়ভাবে একসঙ্গে কাজ করে যাবে।
এআইএল/সকালবেলা