পাঁচবিবিতে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

প্রকাশ: বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১৮ অপরাহ্ণ
পাঁচবিবিতে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

মোস্তাকিন হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে সরকারি অনুদানের দুটি গরু আত্মসাতের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী জিয়াউল ফেরদৌস রাইট।

আজ বুধবার (২৯ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৩টায় উপজেলার অগ্রণী ব্যাংক সংলগ্ন নিজ ব্যবসায়িক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নেওয়ায় তাঁকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন ও মানহানি করার উদ্দেশ্যে এসব কাল্পনিক তথ্য ছড়ানো হয়েছে।

তিনি জানান, একই দিন সকাল সাড়ে ১১টার দিকে ‘খাদেমুল’ বখতিয়ার নামের একটি ফেসবুক আইডি এবং ‘জয়পুরহাট প্রতিদিন’ পেজে তাঁর বিরুদ্ধে গরু আত্মসাতের অসত্য পোস্ট দেওয়া হয়। অভিযোগটিকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, "আমি কোনো সরকারি অনুদান বা গরু আত্মসাৎ করিনি। অপপ্রচারের প্রতিকার চেয়ে পাঁচবিবি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।" পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলন শেষে সরেজমিনে গিয়ে দেখা যায়, আলোচিত গরু দুটি সংশ্লিষ্ট দুই নারী উপকারভোগীর কাছেই রয়েছে। উপকারভোগী নিলুফা ও সুবর্ণা জানান, এসডিএসের মাধ্যমে তাঁরা সরকারি অনুদানের গরু পেয়েছেন এবং এজন্য কাউকে কোনো টাকা দিতে হয়নি। নিজেদের বাড়িতে নিরাপদ জায়গা না থাকায় মাঝে মাঝে গরু দুটি জিয়াউল ফেরদৌস রাইটের বড় ভাইয়ের গোয়ালে নিরাপদে রাখা হতো। কিন্তু গরু সব সময়ই তাঁদের মালিকানায় ছিল এবং কেউ তা আত্মসাৎ করেনি।

উল্লেখ্য, গত ১৭ জুলাই বিকেলে পাঁচবিবি মহিলা কলেজ প্রাঙ্গণে সমাজসেবা অধিদপ্তর ও এসডিএসের যৌথ উদ্যোগে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত নারীদের আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় গবাদিপশু বিতরণ করা হয়। সেখানে নিলুফা ও সুবর্ণার নাম সুপারিশ করেছিলেন রাইট।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন