কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

প্রকাশ: বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ণ
কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তরা (২৭) নামে এক নারী নিহত হয়েছেন।

আজ বুধবার (২৯ জুলাই ২০২৬) দুপুর আনুমানিক ১টার দিকে ভৈরব-কটিয়াদী মহাসড়কের আচমিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অন্তরা নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চর গোহালবাড়িয়া গ্রামের মৃত জিল্লুর রহমানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ থেকে কটিয়াদীগামী একটি সিএনজি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা ভৈরবগামী দ্রুতগতির একটি অজ্ঞাতনামা পিকআপ ভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা যাত্রী অন্তরা গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। চালকসহ ঘাতক পিকআপ ভ্যানটিকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। বর্তমানে দুর্ঘটনাস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন