হবিগঞ্জে পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশ: বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ণ
হবিগঞ্জে পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

মোঃ ইউসুফ, হবিগঞ্জ প্রতিনিধি: বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবিগঞ্জে ৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

আজ বুধবার (২৯ জুলাই ২০২৬) বিকেলে বিজিবি সদর দপ্তরের মিডিয়া ও জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে পুলিশ ও র‍্যাবের পাশাপাশি বিজিবি সদস্যরাও মাঠে টহল ও দায়িত্ব পালন করছেন।

এর আগে একই দিন অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ স্বাক্ষরিত আদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পৌর এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত, মিছিল, সমাবেশ, শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি ও মাইকিংসহ সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হল এলাকায় পদযাত্রা ও পথসভা শেষে ফেরার পথে কোর্ট মসজিদ এলাকায় এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ হামলার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় এনসিপি।

বর্তমানে থমথমে পরিস্থিতিতে হবিগঞ্জ শহরে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং জনসাধারণকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন