ফ্যামিলি কার্ড নিয়ে অপপ্রচারকারীরা সুবিধা পাবে না: এমপি মমতাজ
হাবিবুল্লাহ্ সরকার, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: ফ্যামিলি কার্ড নিয়ে যাঁরা বিভ্রান্তি ও কুৎসা ছড়িয়েছেন, তাঁরা যেন এর কোনো সুবিধা না পান—এমন মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসন-২৮-এর সংসদ সদস্য এবং গাইবান্ধা অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত এমপি মমতাজ আলো। তবে প্রকৃত সুবিধাভোগী সাধারণ মানুষ কোনোভাবেই এই সুবিধা থেকে বঞ্চিত হবে না বলে স্পষ্ট করেন তিনি।
আজ বুধবার (২৯ জুলাই ২০২৬) দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মমতাজ আলো বলেন, "বিগত ১৭ বছর ধরে মামলা-হামলা ও জেল-জুলুম সহ্য করে আসা রাজপথের নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। আমরা অতীত সরকারের মতো প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে চাই না, বরং চাই কেউ যেন বৈষম্যের শিকার না হয়। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যোগ্য ব্যক্তিদের ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার হিসেবে নিয়োগ এবং ডিপ টিউবওয়েল বরাদ্দের ক্ষেত্রেও ত্যাগের বিষয়টি বিবেচনায় রাখা প্রয়োজন।"
দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, "ভালো মানুষের জন্য আমি অত্যন্ত সহজ, কিন্তু অন্যায়ের প্রশ্নে ততটাই কঠোর। অন্যায় বা দুর্নীতি আমার দলের লোক করলেও কোনো ছাড় দেওয়া হবে না এবং আইনি ব্যবস্থা নিতে হবে।"
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুলসহ অন্যান্য কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
মতবিনিময় সভা শেষে এমপি মমতাজ আলো পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপণ করেন এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। পরে তিনি স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত পৃথক কর্মীসভায় যোগ দেন।
এআইএল/সকালবেলা
|