রাষ্ট্রীয় মদদে গুম-খুন নেই: ব্যারিস্টার পার্থ
ভোলা প্রতিনিধি: বিগত ১৭ বছরের তুলনায় বর্তমান সরকারের কার্যক্রম অনেক ইতিবাচক উল্লেখ করে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, বর্তমানে দেশের সংবাদপত্রে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোনো গুম, খুন, ব্যাংক লুটপাট কিংবা উদ্দেশ্যপ্রণোদিত গায়েবি মামলার খবর নেই।
আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের লঞ্চঘাটসংলগ্ন সিসি ব্লক ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার পার্থ বলেন, "আমার সংসদীয় এলাকা ভোলা সদরে বিগত সাড়ে ৪ মাসে প্রতিপক্ষের রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো হয়রানিমূলক মামলা, প্রশাসনিক চাপ সৃষ্টি বা দুর্নীতির ঘটনা কেউ প্রমাণ করতে পারবে না। আগের যেকোনো মেয়াদের শাসনের সঙ্গে বর্তমান সময়ের পরিস্থিতি কোনোভাবেই তুলনীয় নয়।"
তিনি আরও স্পষ্ট করেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। রাষ্ট্রীয় মদদে কোনো ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে না এবং ভবিষ্যতেও হবে না।
গতকাল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগের বিষয়ে বিজেপি প্রধান বলেন, "রাজনৈতিক সংঘাত ও সহিংসতার সংস্কৃতি থেকে সব দলকে বেরিয়ে আসতে হবে। রাজনীতিতে আমাদের সবার সংযত আচরণ ও গঠনমূলক বক্তব্য দেওয়া উচিত। প্রত্যেকেরই ধৈর্য ধরা প্রয়োজন।"
একই সঙ্গে ভোলার নদীভাঙন রোধসহ সার্বিক উন্নয়নে বর্তমান সরকার নানামুখী প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছে বলেও আশ্বস্ত করেন তিনি।
পরিদর্শনকালে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল কুমার দাস, জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাচ্ছিল বিল্লাহসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
|