কর্ণফুলী টানেলে চার দিন বিশেষ ট্রাফিক ব্যবস্থা; পতেঙ্গা-আনোয়ারা রুটে এক টিউবে যাতায়াত

প্রকাশ: বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৩২ অপরাহ্ণ
কর্ণফুলী টানেলে চার দিন বিশেষ ট্রাফিক ব্যবস্থা; পতেঙ্গা-আনোয়ারা রুটে এক টিউবে যাতায়াত
নিজস্ব প্রতিবেদক : নিয়মিত রক্ষণাবেক্ষণ ও কারিগরি কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করার অংশ হিসেবে চট্টগ্রামের কর্ণফুলী টানেলে চার রাত বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কার্যকর রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নির্দিষ্ট সময়সূচিতে টানেলের স্বাভাবিক দুটি টিউবের বদলে মাত্র একটি টিউব ব্যবহার করে উভয়মুখী যান চলাচল পরিচালনা করা হবে।বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক (জনসংযোগ) মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংবাদমাধ্যমকে এই তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৮ জুলাই থেকে আগামী ৩১ জুলাই পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে শুরু হয়ে পরদিন ভোর ৫টা পর্যন্ত টানা ৬ ঘণ্টা কর্ণফুলী টানেলে নিয়মিত এই রক্ষণাবেক্ষণ কাজ পরিচালিত হবে। কাজ চলাকালীন পতেঙ্গা-আনোয়ারা অথবা আনোয়ারা-পতেঙ্গা রুটের যেকোনো একটি টিউব বেছে নিয়ে পর্যায়ক্রমে উভয় দিকের যানবাহন চলাচলের বিকল্প ব্যবস্থা রাখা হবে।সেতু কর্তৃপক্ষ আরও জানায়, রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে গভীর রাতে যানবাহনের অতিরিক্ত চাপ সৃষ্টি হলে টানেলের দুই প্রান্তের প্রবেশমুখে সাময়িকভাবে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে। এতে করে টানেল অতিক্রমকারী চালক ও সাধারণ যাত্রীদের ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন হতে পারে।টানেলের সার্বিক নিরাপত্তা বিধান এবং সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পন্ন করতে যানবাহন চালক ও সাধারণ যাত্রীদের সাময়িক এই ভোগান্তিতে ধৈর্য ধারণ করার অনুরোধ জানানো হয়েছে। একই সাথে টানেল এলাকায় দায়িত্বরত কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীদের দেওয়া নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।