১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা কিমের
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন তার দেশের নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে এক উচ্চাভিলাষী পরিকল্পনা ঘোষণা করেছেন। তিনি ১০ হাজার টনের একটি ক্রুজার যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা দেওয়ার পাশাপাশি আগামী পাঁচ বছরে প্রতি বছর দুটি করে ৫ হাজার টনের ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ তৈরির পরিকল্পনা জানিয়েছেন।
মঙ্গলবার উত্তর কোরিয়ার বন্দর-শহর নাম্পোতে ‘চো হিয়ন’ নামের একটি ৫ হাজার টনের ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে কমিশন্ড করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিম জং উন। উত্তর কোরীয় সরকারি সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, কমিশন্ড করার আগে জাহাজটি টানা ১৪ মাস পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছে। জাহাজটিতে শক্তিশালী অস্ত্রশস্ত্র রয়েছে এবং গত এপ্রিলে এখান থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করা হয়েছিল।
অনুষ্ঠানে কিম জং উন বলেন, “আজ আমরা ৫ হাজার টনের ডেস্ট্রয়ার ‘চো হিয়ন’ কমিশন করলাম। শিগগিরই ‘ক্যাং কন’ নামের আরও একটি ৫ হাজার টনের ডেস্ট্রয়ার নৌবাহিনীতে যুক্ত হবে।” তিনি আরও জানান, আগামী ৫ বছর ধরে প্রতি বছর দুটি করে যুদ্ধজাহাজ নির্মাণের পাশাপাশি ১০ হাজার টনের একটি ক্রুজার তৈরির কাজ শুরু হবে।
দেশের নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনা পুনর্ব্যক্ত করে কিম জং উন বলেন, “দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র আমাদের পরমাণু যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে। এই পরিস্থিতিতে আত্মরক্ষার্থে সামরিক সক্ষমতা বৃদ্ধি ছাড়া আমাদের সামনে অন্য কোনো বিকল্প নেই।”
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ার এই সামরিক পদক্ষেপ আঞ্চলিক ভূ-রাজনীতিতে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।
জান্নাত সকালবেলা
|