হাসপাতালে ‘অক্সিজেন লাইনে লিকেজ’, ৪ মাসের শিশু মৃত্যুর অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শ্যামলীতে ‘শ্যামলী বেবি কেয়ার’ নামে একটি বেসরকারি শিশু হাসপাতালে অক্সিজেন লাইনে লিকেজের কারণে চার মাসের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুটি গত পাঁচ দিন ধরে হাম পরবর্তী জটিলতা নিয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিল। শিশুটির বাবা মো. ফারুকের অভিযোগ, তার সন্তানের চিকিৎসা চলাকালীন অক্সিজেন লাইনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে, যার ফলে শিশুটির মৃত্যু হয়।
হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানান, শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। সেই সময় বিকট শব্দে অক্সিজেন লাইনে লিকেজ হওয়ার ঘটনা ঘটে। পরে শিশুটিকে দ্রুত এইচডিইউতে স্থানান্তর করে লাইফ সাপোর্টে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। নিরাপত্তার স্বার্থে ওই হাসপাতালের আরও পাঁচ শিশুকে পার্শ্ববর্তী ঢাকা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফ জানান, ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের মতো বড় কোনো আলামত পাওয়া না গেলেও হাসপাতাল কর্তৃপক্ষ গ্যাস লিকেজের বিষয়টি স্বীকার করেছে। শিশুটির বাবা ময়নাতদন্ত বা লিখিত কোনো অভিযোগ করতে অস্বীকৃতি জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
ঘটনা সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জান্নাত সকালবেলা
|