নবীনগরে পুলিশের ছদ্মবেশী অভিযানে ধর্ষক গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ণ
নবীনগরে পুলিশের ছদ্মবেশী অভিযানে ধর্ষক গ্রেপ্তার

সামজাদ জসি (সিনিয়র স্টাফ রিপোর্টার): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বহুল আলোচিত এক মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের মামলার প্রধান আসামি সুমন মিয়াকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল মঙ্গলবার (২৩ জুন) রাতে অভিনব এক কৌশল অবলম্বন করে, জেলের ছদ্মবেশে অভিযান চালিয়ে মেঘনা নদীর পাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুমন মিয়া নবীনগর থানাধীন চিত্রি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টার দিকে চিত্রি গ্রামের বাসিন্দা সুমন মিয়া একই এলাকার এক মানসিক প্রতিবন্ধী নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় ভুক্তভোগী নারীর পরিবারের পক্ষ থেকে আদালতের দ্বারস্থ হলে, বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে নবীনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি নিয়মিত ধর্ষণ মামলা রুজু করা হয়।

মামলা দায়েরের পর থেকেই আসামি সুমন মিয়া এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। তাকে আইনের আওতায় আনতে নবীনগর থানা পুলিশের একটি চৌকস দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। একপর্যায়ে পুলিশ গোপন সূত্রে জানতে পারে যে, আসামি চিত্রি গ্রামের মেঘনা নদীর পাড় এলাকায় অবস্থান করছে।

আসামি যাতে পুলিশের উপস্থিতি টের পেয়ে নদীতে ঝাঁপ দিয়ে বা অন্য কোনো উপায়ে পালিয়ে যেতে না পারে, সেজন্য পুলিশ একটি বিশেষ কৌশল অবলম্বন করে। নবীনগর থানা পুলিশের টিমটি জেলের ছদ্মবেশ ধারণ করে মেঘনা নদীর পাড়ে জাল ও নৌকা নিয়ে অবস্থান নেয়। অবশেষে ২৩ জুন রাত ১০টা ৫ মিনিটে ছদ্মবেশী পুলিশ সদস্যরা এজাহারনামীয় পলাতক আসামি সুমন মিয়াকে চারদিক থেকে ঘিরে ফেলে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হন।

নবীনগর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং আজ বুধবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। এই চাঞ্চল্যকর ও সংবেদনশীল মামলার মূল আসামিকে দ্রুত গ্রেপ্তার করায় স্বস্তি প্রকাশ করেছে ভুক্তভোগীর অসহায় পরিবার ও স্থানীয় এলাকাবাসী।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন