মণিরামপুর পৌর নির্বাচনে বিএনপির দুই নেতার জোর প্রস্তুতি

প্রকাশ: বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ণ
মণিরামপুর পৌর নির্বাচনে বিএনপির দুই নেতার জোর প্রস্তুতি

আব্দুল্লাহ আল মামুন, যশোর: আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে যশোরের প্রথম শ্রেণির মণিরামপুর পৌরসভায় সম্ভাব্য মেয়র প্রার্থীদের তৎপরতা ও জনসম্পৃক্ততা বেড়েছে। পৌরবাসীর বিভিন্ন সমস্যা সমাধান ও আধুনিক নগর পরিকল্পনার নানা প্রতিশ্রুতি নিয়ে মাঠে জোরেশোরে প্রচার-প্রচারণা চালাচ্ছেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মফিজুর রহমান মফিজ এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু।

পৃথক সাক্ষাৎকারে বিএনপির এই দুই শীর্ষ নেতা পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং একটি পরিচ্ছন্ন, মাদকমুক্ত ও আধুনিক পৌরসভা গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন।

পৌরসভার বর্তমান পরিস্থিতি তুলে ধরে মোঃ মফিজুর রহমান মফিজ বলেন, “দীর্ঘদিন ধরে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে তীব্র জলাবদ্ধতা, ড্রেনেজ সংকট, বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা, প্রধান সড়ক ও সংযোগ সড়কগুলোর বেহাল অবস্থা, মশক নিধন কার্যক্রমের সীমাবদ্ধতা এবং বিশুদ্ধ পানির সংকটসহ নানা সমস্যা বিদ্যমান। আমি নির্বাচিত হলে এসব পুঞ্জীভূত সমস্যার স্থায়ী সমাধান করে পৌরবাসীর শতভাগ নাগরিক সেবা নিশ্চিত করব।” তিনি আরও জানান, পৌরবাসীর জানমালের নিরাপত্তা রক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং একটি আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গঠনে তাঁর সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে। দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি জনগণের পাশে থাকতে চান।

অন্যদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু মণিরামপুরকে দেশের অন্যতম মডেল পৌরসভায় রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, “শিক্ষার মানোন্নয়ন, তরুণদের জন্য খেলাধুলার সুযোগ সম্প্রসারণ এবং পৌর শহরের তীব্র যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণ বা বিদ্যমান সড়ক প্রশস্তকরণে আমি বিশেষ গুরুত্ব দেব। এর পাশাপাশি প্রশাসন ও স্থানীয় জনগণকে সাথে নিয়ে একটি সম্পূর্ণ মাদকমুক্ত সমাজ গঠন করার অঙ্গীকার করছি।” তিনি আরও যোগ করেন, “পৌরবাসী আমাকে নির্বাচিত করলে তাঁদের সাথে নিয়েই কাজ করব। আর নির্বাচিত না হতে পারলেও জনগণের পাশে থেকে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আগের মতোই অব্যাহত রাখব।”

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন মণিরামপুর পৌর নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরার এক সুস্থ প্রতিযোগিতা ইতোমধ্যে শুরু হয়েছে। সাধারণ পৌরবাসীর প্রত্যাশা— কেবল নির্বাচনী ফাঁকা প্রতিশ্রুতি নয়, বাস্তবসম্মত উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে যিনি মণিরামপুর পৌরসভাকে আরও আধুনিক ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তুলবেন, তাঁকেই তাঁরা বেছে নেবেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন