নিজের পুরনো ছবি দেখে নিজেকেই চড় মারতে চান অক্ষয় কুমার
বিনোদন ডেস্ক: বলিউডের ‘খিলাড়ি’ খ্যাত অভিনেতা অক্ষয় কুমার তার দীর্ঘ ৩৫ বছরের অভিনয় জীবনে অনেক চড়াই-উতরাই দেখেছেন। ১৯৯১ সালে ‘সৌগন্ধ’ ছবির মাধ্যমে রূপালী পর্দায় পা রাখা এই তারকা সম্প্রতি তার ক্যারিয়ারের শুরুর দিককার কাজগুলো নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন।
সাক্ষাৎকারে অক্ষয় কুমার জানান, শুরুর দিকে তিনি মূলত অ্যাকশন চরিত্রেই সীমাবদ্ধ ছিলেন। সেই সময়ের সিনেমাগুলো এখন দেখলে তিনি অদ্ভুত এক আক্ষেপ অনুভব করেন। অক্ষয়ের ভাষ্যমতে, “দশকের পর দশক ধরে কাজ করার পর যখন আমি নিজের পুরনো সিনেমাগুলো দেখি, তখন নিজেকে একটা চড় মারতে ইচ্ছে করে। কারণ, শুরুর দিকে আমি শুধু অ্যাকশন চরিত্রেই অভিনয় করতাম এবং কেউ ভাবতই না যে আমি অন্য কিছু করতে পারি।”
এই একঘেয়েমি ভাঙার লক্ষ্যে অক্ষয় নিজেকে নতুন করে আবিষ্কারের সিদ্ধান্ত নেন। এরপর তিনি ‘হেরাফেরি’, ‘মুঝসে শাদি কারোগি’, ‘টয়লেট : এক প্রেম কথা’ ও ‘প্যাডম্যান’-এর মতো ভিন্নধর্মী ও সামাজিক সচেতনতামূলক ছবিতে অভিনয় করে নিজের দক্ষতা প্রমাণ করেন।
ব্যক্তিগত জীবনে মা অরুণা ভাটিয়ার মৃত্যুর পর থেকে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না এই অভিনেতার। বলিউডে তার ছবির বাণিজ্যিক সাফল্য নিয়ে নানা আলোচনা থাকলেও, অক্ষয় কুমার তার কাজের প্রতি বরাবরই নিবেদিত। তিনি অকপটে স্বীকার করেন, শুরুতে মূলত টাকা রোজগারের তাগিদেই তিনি ইন্ডাস্ট্রিতে এসেছিলেন। তবে আজ এই পেশা তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। তিনি বলেন, “আমি মৃত্যুর পাঁচ মিনিট আগ পর্যন্ত কাজ করে যেতে চাই।”
অক্ষয় কুমার ভক্তদের জন্য নতুন খবর হলো, তার আগামী ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ অ্যাকশন ও কমেডির এক দারুণ প্যাকেজ নিয়ে আসছে। বহুল প্রতীক্ষিত এই ছবিটি আগামী ২৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
জান্নাত সকালবেলা
|