১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

প্রকাশ: বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ণ
১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

আন্তর্জাতিক প্রতিবেদক: পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণের ওপর জবাবি ভাষণ চলাকালে রাজ্য থেকে ‘অনুপ্রবেশকারী’ হিসেবে চিহ্নিত ১০ হাজার মানুষকে বাংলাদেশে পুশ-ইন করার কথা জানালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার (২৩ জুন) তিনি এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন।

বিধানসভায় নিজের বক্তব্যে শুভেন্দু অধিকারী বলেন, “১০ হাজার জনকে বের করেছি। বর্তমানে ১২টি হোল্ডিং সেন্টারে আরও ১৮০০ জন অপেক্ষা করছে। আমরা প্রতিদিন তাদের ওপারে পাঠাচ্ছি।” তিনি আরও যোগ করেন, “আপনারা কেউ কেউ বলেছেন তারা ভারতীয়। বিষয়টি একদম ক্রিস্টাল ক্লিয়ার—তারা অনুপ্রবেশকারী। আমরা ভারত সরকারের আইন কার্যকর করেছি।”

রাজ্যের সরকারি প্রকল্পের অর্থের অপচয় রোধে কঠোর অবস্থান জানিয়ে বিরোধী দলনেতা বলেন, “আমাদের টাকায় সরকারি প্রকল্প হবে, কিন্তু অনুপ্রবেশকারীদের জেলের খাবার, কাপড় বা ওষুধ দিতে পারব না।”

অনুপ্রবেশকারীদের বিষয়ে সরকারের বর্তমান কৌশল সম্পর্কে ইঙ্গিত দিয়ে শুভেন্দু জানান, আইনভঙ্গকারীদের আটক করে দীর্ঘসময় জেলে রাখার পরিবর্তে সরাসরি কেন্দ্রীয় সংস্থা বা বিএসএফ-এর (BSF) হাতে তুলে দেওয়া হচ্ছে। তার ভাষায়, “ধরো আর বিএসএফকে দাও। নো জেল!”

নিজের বক্তব্যের শেষ পর্যায়ে এসে তিনি ভারতীয় নাগরিকদের আশ্বস্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, “কোনো ভারতীয়র দুশ্চিন্তা নেই। আপনি যে ধর্মের, যে সম্প্রদায়ের বা যে দলেরই হোন না কেন, যদি আপনি মনে-প্রাণে ভারতীয় হন, আপনার কোনো ভয় নেই।” তবে রাজনৈতিক উদ্দেশ্যে অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া আর সহ্য করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন