সীমান্তে অনুপ্রবেশকালে চারজনকে আটক করেছে স্থানীয়রা
নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের সদর উপজেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ বুধবার (২৪ জুন) ভোর ৬টায় উপজেলার শংকরপুর ইউনিয়নের শালকি মৈজাকুড়ি গ্রাম থেকে তাদের আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়।
আটকদের মধ্যে ৩ জন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— নড়াইল জেলার কালিয়া পৌরসভার মির্জাপুর গ্রামের বাসিন্দা আকুব্বর মোল্যা ও তাঁর স্ত্রী জাহানারা বেগম। বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
শংকরপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পংকজ বসাক তথ্যটি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রাতে বনতারা গিলাবাড়ি সীমান্ত দিয়ে ওই চারজন বাংলাদেশে প্রবেশ করেন। ভোরে স্থানীয় বাসিন্দারা শালকি মৈজাকুড়ি গ্রামে তাদের সন্দেহজনক চলাফেরা করতে দেখে আটক করেন।
ইউপি সদস্য আরও জানান, আটকদের পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করা হলে তারা জানিয়েছেন, এই ব্যক্তিরা কাজের সন্ধানে বিভিন্ন সময়ে ভারতে যাওয়া-আসা করেন। তবে তারা কোনো বৈধ কাগজপত্র ছাড়া কীভাবে সীমান্ত পারাপার করেন, সে বিষয়ে পরিবারগুলো কিছু জানাতে পারেনি।
ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুজ্জামান জানান, ‘এটি কোনো পুশইনের (জোরপূর্বক পুশব্যাক) ঘটনা নয়, বরং অবৈধ অনুপ্রবেশের ঘটনা। আটক ব্যক্তিদের বিজিবি হেফাজতে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
|