গোপালগঞ্জে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি গোপালগঞ্জ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি।
আজ বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে শহরের পাঁচুড়িয়া এলাকার সদর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে মিছিলটি শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা বিএনপির ব্যানারে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান, জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, বিএনপি নেতা জিয়াউল কবির বিপ্লব, অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা এবং যুবদল সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন প্রমুখ।
সমাবেশে বক্তারা সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও সব ধরনের নৈরাজ্যের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সাধারণ মানুষকে সাথে নিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জোর আহ্বান জানান। একই সাথে জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে প্রশাসনকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের দাবি জানান তাঁরা।
ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা
|