খোলার পর ফের হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের

খোলার পর ফের হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো অবরোধ অব্যাহত রাখলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। শনিবার (১৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই হুঁশিয়ারি দেন।

গালিবাফ বলেন, ‘অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না। এই জলপথ দিয়ে জাহাজ চলাচল ইরানের অনুমোদনের ওপর এবং নির্ধারিত রুট অনুসারেই পরিচালিত হবে।’ তিনি আরও উল্লেখ করেন যে, প্রণালিটি খোলা বা বন্ধ থাকা এবং এর নিয়মাবলি সামাজিক যোগাযোগমাধ্যম দ্বারা নয়, বরং মাঠপর্যায়ের পরিস্থিতির ওপর ভিত্তি করে নির্ধারিত হবে।

এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই-নিকের বরাত দিয়ে ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ‘শুধুমাত্র যুদ্ধবিরতির শর্তে এবং নির্দিষ্ট নিয়ম মেনেই হরমুজ প্রণালি খোলা থাকবে।’ তিনি সতর্ক করে বলেন, এই গুরুত্বপূর্ণ নৌপথের ব্যবহার বর্তমান যুদ্ধবিরতি পরিস্থিতির ওপর নির্ভরশীল এবং সামরিক জাহাজ বা শত্রু শক্তির সঙ্গে যুক্ত কোনো জাহাজ এই প্রণালি দিয়ে যাওয়ার অধিকার রাখে না।

হরমুজ প্রণালি খুলে দেওয়ার সিদ্ধান্তকে সাময়িক উল্লেখ করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, লেবাননের পরিস্থিতিসহ স্থলভাগের অবস্থার পরিবর্তন হলে এই জলপথটি আবারও বন্ধ করে দেওয়া হতে পারে।

এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, ইরান হরমুজ প্রণালি খুলে দিতে এবং ‘কখনোই আর বন্ধ না করতে’ সম্মত হয়েছে। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছিলেন, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধ ‘সম্পূর্ণ শক্তি ও কার্যকারিতাসহ’ বহাল থাকবে, যতক্ষণ না ইরানের সঙ্গে সব লেনদেন শতভাগ সম্পন্ন হয়। তবে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন পতাকাবাহী জাহাজসহ সব বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি পেলেও নৌবাহিনীর জাহাজগুলো এই অনুমতি পাবে না।

সূত্র: ফার্স নিউজ, রয়টার্স, ডিপিএ

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন