সংরক্ষিত নারী আসনে জামায়াতের ১১ প্রার্থী চূড়ান্ত

সংরক্ষিত নারী আসনে জামায়াতের ১১ প্রার্থী চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিরোধী দলের জন্য নির্ধারিত ১৩টি আসনের মধ্যে ১১টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী। বাকি দুইটি আসন পাচ্ছে শরিক দলগুলো। জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২১ এপ্রিল তারা নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেবেন।

জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন নেসা সিদ্দীকা জানান, দল থেকে ১১টি আসনের মধ্যে একটি আসন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারকে, একটি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-সদস্য ডা. মাহমুদা আলম মিতুকে এবং একটি জাগপার ব্যারিস্টার তাসমিয়া প্রধানকে দেওয়া হচ্ছে। বাকি আটটি আসনে জামায়াতের নিজস্ব নারী নেত্রীরা আসছেন। শহীদ পরিবারের জন্য নির্ধারিত আসনে উত্তরার শহীদ শিশু জাবির ইব্রাহিমের মাকে মনোনয়ন দেওয়া হতে পারে বলে আলোচনা রয়েছে।

জামায়াতের প্রার্থী হিসেবে গ্রিন সিগন্যাল পাওয়া আটজন হলেন: নূরুন নেসা সিদ্দীকা, সাবিকুন্নাহার মুন্নী (মতিউর রহমান আকন্দের স্ত্রী), মারদিয়া মমতাজ (ঢাকা অঞ্চল), মাহফুজা সিদ্দিকা (সিলেট অঞ্চল), মেরিনা সুলতানা (চট্টগ্রাম অঞ্চল), সাজেদা সামাদ (বগুড়া অঞ্চল), মারজিয়া বেগম এবং নাজমুন্নিছা নিলু। এ ছাড়া আলোচনায় রয়েছেন জান্নাতুল কারীম (ফখরুদ্দিন মানিকের স্ত্রী) ও ডা. হাবিবা আখতার চৌধুরী (ডা. আবদুল্লাহ তাহেরের স্ত্রী)।

নূরুন নেসা সিদ্দীকা বলেন, সংসদে বিতর্কে পারদর্শী, সংবিধান ও আইন সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করা প্রার্থীদের প্রাধান্য দেওয়া হয়েছে। এনসিপি থেকে অপর একটি আসনে দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের নাম আলোচনায় রয়েছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২১ এপ্রিল এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে। জোটভিত্তিক বণ্টন অনুযায়ী বিএনপি ও মিত্ররা ৩৬টি, জামায়াতে ইসলামী ও জোট ১৩টি এবং স্বতন্ত্ররা একটি সংরক্ষিত আসন পাচ্ছেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন