ক্ষমাহীন অপরাধ করেছে বিগত দুই সরকার: প্রধানমন্ত্রী

ক্ষমাহীন অপরাধ করেছে বিগত দুই সরকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে দেশে হাম ছড়িয়ে পড়েছিল এবং এর ফলে বহু শিশুর মৃত্যু হয়েছে। সময়মতো হামের টিকা না দিয়ে তারা ‘ক্ষমাহীন অপরাধ’ করেছে। বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় সেই প্রাদুর্ভাব থেকে বহু শিশুর জীবন রক্ষা করা সম্ভব হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এই সম্মেলন শুধু আনুষ্ঠানিক আয়োজন নয়, এটি স্বাস্থ্যখাত উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা দেশের স্বাস্থ্যব্যবস্থার মূল চালিকাশক্তি।’ তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে নিশ্চিত করতে ‘প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর’ নীতিতে এগিয়ে যাবে সরকার।

স্বাস্থ্যখাতে ক্রমান্বয়ে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবা শক্তিশালী করা এবং নিরাপদ প্রসব নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে পূর্ণাঙ্গ সেবাকেন্দ্রে রূপান্তর করা হবে। এ ছাড়া এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে, যার ৮০ শতাংশই হবে নারী।

দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক স্বাস্থ্যব্যবস্থা গড়তে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, দেশের স্বাস্থ্যসেবাকে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) মডেলে সাজানোর পরিকল্পনা রয়েছে। এ সময় তিনি মাঠপর্যায়ের কর্মকর্তাদের টিকাদান ও রোগ প্রতিরোধে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিতসহ সারা দেশ থেকে আসা পাঁচ শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন