‘দৃশ্যম ৩’-এর বিশ্বব্যাপী প্রথম দিনের আয় ৯৫ কোটি ছাড়াল

প্রকাশ: শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ণ
‘দৃশ্যম ৩’-এর বিশ্বব্যাপী প্রথম দিনের আয় ৯৫ কোটি ছাড়াল

বিনোদন ডেস্ক: গান্ধীজয়ন্তীর শুভ ছুটির দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েই বক্স অফিসে নজিরবিহীন ঝড় তুলেছে অজয় দেবগন অভিনীত বহুপ্রতীক্ষিত সিনেমা ‘দৃশ্যম ৩ : দ্য কনক্লুশন’। গত ২ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তির প্রথম দিনেই সিনেমাটি আয় করে নিয়েছে অবিশ্বাস্য ৯৫ কোটি ১০ লাখ রুপি।

প্রথম দিনে ভারতে সিনেমাটির নিট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৬৬ কোটি ৭৫ লাখ রুপি (গ্রস আয় ৮০ কোটি ১০ লাখ)। অন্যদিকে বিদেশের বাজার থেকে উঠে এসেছে আরও ১৫ কোটি রুপি। এর মধ্য দিয়ে দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অজয় দেবগনের সবচেয়ে বড় উদ্বোধনী আয় (ওপেনিং ডে কালেকশন) করা সিনেমার খেতাব জিতল ‘দৃশ্যম ৩’।

ভারতে ৬৬ কোটি ৭৫ লাখ রুপি নিট আয় নিয়ে অজয় দেবগন পেছনে ফেলেছেন নিজের আগের রেকর্ড ছবি ২০২৪ সালের ‘সিংহাম এগেইন’-কে। রোহিত শেঠি পরিচালিত সিনেমাটি মুক্তির প্রথম দিনে ভারতে আয় করেছিল প্রায় ৪৩ কোটি ৫০ লাখ রুপি। অজয়ের অন্য আলোচিত ওপেনিংগুলোর মধ্যে রয়েছে ‘সিংহাম রিটার্নস’ (৩২ কোটি ১০ লাখ), ‘গোলমাল এগেইন’ (৩০ কোটি ১৫ লাখ) এবং ‘রেইড ২’ (১৯ কোটি ২৫ লাখ)।

শুধু অজয়ের ব্যক্তিগত রেকর্ডই নয়, সাম্প্রতিক সময়ে বি টাউনের বড় বড় সিনেমার রেকর্ডকেও ছাড়িয়ে গেছে ‘দৃশ্যম ৩’। প্রথম দিনের নিট আয় দিয়ে এটি পেছনে ফেলেছে শাহরুখ খানের ‘পাঠান’ (৫৭ কোটি) এবং রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ (৬৩ কোটি)-এর মতো ব্লকবাস্টার ছবিগুলোকে।

মুক্তির আগেই অবশ্য সিনেমাটির বড় চালচিত্র বোঝা গিয়েছিল। গত ২৭ সেপ্টেম্বর অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার পর শুধু অগ্রিম বুকিং থেকেই সিনেমাটি তুলে নেয় ৫০ কোটি রুপি, যেখানে বিক্রি হয় প্রায় ১৩ লাখের বেশি টিকিট। প্রথম দিনে দেশজুড়ে ১৫ হাজার ৭৫৯টিরও বেশি শো প্রদর্শিত হয়, যেখানে গড় আসন পূর্ণতার হার ছিল প্রায় ৬৭.০৮ শতাংশ। রাতে এই উপস্থিতি সর্বোচ্চ ৭৬.৪৬ শতাংশে পৌঁছায়।

যেখানে বাণিজ্য বিশ্লেষকরা প্রথম দিনে ২৫ থেকে ৩০ কোটি রুপির ধারণাকরছিলেন, সেখানে প্রত্যাশার দ্বিগুণ বাণিজ্য করে তাক লাগিয়ে দিয়েছে সিনেমাটি। বিশ্লেষকদের মতে, বিজয়ের এই ঐতিহাসিক সাফল্যের পেছনে অজয়ের তারকাখ্যাতির চেয়েও ‘দৃশ্যম’ ব্র্যান্ডটির জনপ্রিয়তা মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২০১৫ সালে মুক্তি পাওয়া সিরিজটির প্রথম 'দৃশ্যম' প্রথম দিনে আয় করেছিল মাত্র ৫ কোটি ৮৫ লাখ রুপি, যা পরে বিশ্বব্যাপী ১১০ কোটি টাকা সংগ্রহ করে। এরপর ২০২২ সালের 'দৃশ্যম ২' প্রথম দিনে আয় করে ১৫ কোটি ৩৮ লাখ রুপি (সর্বমোট ৩৪২ কোটি)। আর এবার তৃতীয় কিস্তির প্রথম দিনের আয় ২০১৫ সালের প্রথম কিস্তির চেয়ে ১১ গুণেরও বেশি!

অভিষেক পাঠক পরিচালিত ‘দৃশ্যম ৩’-এ অজয় দেবগনের সাথে গুরুত্বপূর্ণ চরিত্রে পুনরায় অভিনয় করেছেন শ্রিয়া শরণ, ইশিতা দত্ত, মৃণাল যাদব, জয়দীপ আহলাওয়াত, টাবু এবং প্রকাশ রাজ।

মন্তব্য করুন