বরিশালে গাঁজা-পিকআপভ্যানসহ তিনজন গ্রেপ্তার

প্রকাশ: শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ণ
বরিশালে গাঁজা-পিকআপভ্যানসহ তিনজন গ্রেপ্তার

সাঈদ পান্থ, বরিশাল: বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৯০ কেজি গাঁজা ও একটি পিকআপভ্যানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার রাতে বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, বরিশালের একটি টিম কোতোয়ালি মডেল থানাধীন বিএমসি ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর বরকতপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে পরিচালিত অভিযানে একটি নীল-হলুদ রঙের পিকআপভ্যানে তল্লাশি চালিয়ে ৩০টি প্যাকেটে সংরক্ষিত মোট ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বরিশাল নগরীর কলাপট্টি এলাকার বাসিন্দা রাহুল হাওলাদার (২২), কুমিল্লার সিরাজ মিয়া (৩৭) এবং বরিশালের পলাশ হাওলাদার (৪২)।

অভিযানে গাঁজার পাশাপাশি একটি পিকআপভ্যান ও তিনটি ড্রাইভিং লাইসেন্সের আবেদনের কপি জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গাঁজা এনে বরিশালে বিক্রির কথা স্বীকার করেছেন। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন