কুমিল্লায় দুই কিশোর গ্যাংয়ের শীর্ষ চার সদস্য গ্রেপ্তার

প্রকাশ: শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ণ
কুমিল্লায় দুই কিশোর গ্যাংয়ের শীর্ষ চার সদস্য গ্রেপ্তার

হাবিবুর রহমান মুন্না, কুমিল্লা: কুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে সক্রিয় দুই কিশোর গ্যাং ‘টিম RAW’ ও ‘Crime Setup’-এর চার শীর্ষ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় কক্সবাজার ও কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (৩ অক্টোবর) জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন—‘টিম RAW’-এর সদস্য ইমরান হোসেন রতন (১৯) ও সাইফুল ইসলাম (২০) এবং ‘Crime Setup’-এর সাব্বির ওরফে ‘পয়েন্ট সাব্বির’ (২৪) ও রবিউল ইসলাম নবী ওরফে ‘কিং মেকার’ (২৪)।

পুলিশ জানায়, ইমরান হোসেন রতনের বিরুদ্ধে হত্যাসহ ৯টি এবং সাইফুল ইসলামের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। অন্যদিকে সাব্বির ও রবিউল ইসলামের বিরুদ্ধে পূর্বের একটি করে মামলা রয়েছে।

কুমিল্লায় সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের অপরাধ বৃদ্ধি পাওয়ায় জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় গত ১০ দিন ধরে চিরুনি অভিযান চলছে। অভিযানে সন্দেহভাজন দুই হাজারের বেশি কিশোরকে জিজ্ঞাসাবাদের পর অপরাধে সম্পৃক্ততা না থাকায় অনেককে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয় এবং অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়।

জেলা পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাং সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সন্তানদের চলাফেরা ও সঙ্গীদের বিষয়ে খেয়াল রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন