কন্যাসন্তানের জন্ম দিলেন বারবারা পালভিন

প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ণ
কন্যাসন্তানের জন্ম দিলেন বারবারা পালভিন

অনলাইন ডেস্ক: প্রথম কন্যাসন্তানের বাবা-মা হয়ে নতুন এক অধ্যায়ে পা রাখলেন জনপ্রিয় মার্কিন অভিনেতা ডিলান স্প্রাউস ও ভিক্টোরিয়া সিক্রেটের বিখ্যাত সুপারমডেল বারবারা পালভিন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ পোস্টের মাধ্যমে এই বিশেষ খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তারকা দম্পতি।

ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে দেখা যায়, লস অ্যাঞ্জেলেস ডজার্সের ম্যাচ ডে জার্সি পরিহিত ডিলান ও বারবারা তাঁদের সদ্যোজাত শিশুকন্যাকে পরম স্নেহে কোলে নিয়ে বেসবল ম্যাচ উপভোগ করছেন। ছবির ক্যাপশনে যুক্তরাষ্ট্রের ছুটির দিন ‘লেবার ডে’ (শ্রম দিবস)-র প্রসঙ্গ টেনে বেশ রসাত্মক ভঙ্গিতে তাঁরা জানান, এ বছর দিনটিকে তাঁরা সত্যি সত্যিই 'লেবার' বা সন্তান প্রসবের দিনে পরিণত করেছেন।

মূলত মার্কিন লেবার ডে-তে, অর্থাৎ প্রায় তিন সপ্তাহ আগে তাঁদের কন্যাসন্তানের জন্ম হয়। তবে এতদিন বিষয়টি গোপনেই রেখেছিলেন তাঁরা। নবজাতকের মুখ দেখা গেলেও আনুষ্ঠানিকভাবে তার নাম এখনো প্রকাশ করেননি এই দম্পতি।

উল্লেখ্য, ২০২৩ সালের জুলাই মাসে বেশ জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন ডিলান স্প্রাউস ও বারবারা পালভিন। এরপর চলতি বছরের মে মাসে ফ্রান্সে অনুষ্ঠিত ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে বেবি বাম্পের ছবি তুলে ধরে প্রথম মা-বাবা হতে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন বারবারা।

পরবর্তীতে জুলাই মাসে নিজের পডকাস্ট ‘ওয়াইল্ডমেন’-এ কথা বলতে গিয়ে ডিলান স্প্রাউস আবেগাপ্লুত হয়ে জানিয়েছিলেন, তিনি এক কন্যাসন্তানের বাবা হতে যাচ্ছেন ভেবে অত্যন্ত আনন্দিত ও রোমাঞ্চিত। কন্যাসন্তানের আগমনে ডিলান-বারবারা জুটিকে শুভেচ্ছা জানাচ্ছন তাঁদের সহকর্মী ও বিশ্বজুড়ে থাকা কোটি কোটি অনুরাগী।

মন্তব্য করুন