কুমিল্লায় ৬ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, ধামাচাপা দেওয়ার চেষ্টা

প্রকাশ: রবিবার, ২৪ মে ২০২৬, ০২:২৬ অপরাহ্ণ
কুমিল্লায় ৬ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, ধামাচাপা দেওয়ার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম উপজেলায় ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি রাজনৈতিকভাবে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলে এলাকাবাসীর ভাষ্য।

গতকাল শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে লাকসাম উপজেলার একটি গ্রামে। ঘটনায় অভিযুক্ত ৭০ বছর বয়সী আবদুল রশিদ ঘটনার পর থেকে আত্মগোপনে আছেন বলে জানিয়েছেন লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লাইলি। গতকাল রাতে ওসির পক্ষ থেকে জানানো হয়, ঘটনার বিস্তারিত জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং জড়িত ব্যক্তিকে আটকের চেষ্টা করছে।

এদিকে শিশুটিকে গতকাল সন্ধ্যায় লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনা হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নিতে বলেন। কিন্তু পরিবার শিশুটিকে সেখানে নেয়নি। তারা শিশুটিকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাড়িতে নিয়ে গেছেন।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, শিশুটির পরিবার খুবই দরিদ্র। গতকাল দুপুরে শিশুটির মা–বাবা দুজনেই কাজে ছিলেন। এ সময়ে ঘরে ঢুকে শিশুটিকে যৌন নিপীড়ন করেন আবদুল রশিদ। এমন সময় হঠাৎ শিশুটির মা ঘরে ঢুকলে রশিদ দ্রুত সেখান থেকে পালিয়ে যান। ঘটনার পর থেকে রশিদের পক্ষ হয়ে স্থানীয় কয়েকজন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি শিশুটির পরিবারকে মীমাংসার জন্য চাপ দিচ্ছেন।

শিশুটির মা জানান, দুপুরে ঘরে ফিরে তিনি দেখতে পান ওই ব্যক্তি তাঁর মেয়ের সাথে খারাপ কাজের চেষ্টা করছে। মেয়েটির বাবা বলেন, এলাকার লোকজন বিচার করে দেওয়ার আশ্বাস দিচ্ছে, তাই তাঁরা মামলা করতে চান না। একই গ্রামে থাকায় এলাকার লোকজনের বাইরে যাওয়া তাঁদের পক্ষে সম্ভব নয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর স্থানীয় ওয়ার্ড যুবদলের সভাপতি ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকসহ রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিরা ঘটনাটি মীমাংসা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁরা শিশুটির পরিবারকে আশ্বস্ত করছেন যে সঠিক বিচার না পেলে যেন তাঁরা থানায় যান। একটি ভিডিওতেও ওই রাজনৈতিক নেতাদের ভুক্তভোগীর পরিবারকে মীমাংসার আশ্বাস দিতে দেখা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে ওয়ার্ড যুবদলের সভাপতি মো. এমদাদ হোসেন জানান, ঘটনার খবর পেয়েই তাঁরা এসে যাবতীয় ব্যবস্থা নিয়েছেন এবং শিশুটিকে হাসপাতালে পাঠিয়েছেন। চিকিৎসক তাঁদের জানিয়েছেন যে শিশুটির কোনো বড় ক্ষতি হয়নি, কেবল হাতের মধ্যে একটি কামড় দেওয়া হয়েছে। তাঁরা শিশুটির পরিবারকে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন এবং পরিবারটি এতে একমত প্রকাশ করেছে।

লাকসাম থানার ওসি কাজী কামরুন্নাহার লাইলি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে শিশুটির ওপর পাশবিক নির্যাতনের চেষ্টা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও জড়িত ব্যক্তি এলাকা থেকে আত্মগোপন করেছেন। ভিকটিমের পরিবারকে মামলা দেওয়ার জন্য বলা হয়েছে এবং অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন