গ্রীষ্মের আগেই ৩ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ, কমবে লোডশেডিং: জ্বালানি প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আগামী গ্রীষ্ম মৌসুমের আগেই দেশে বিদ্যুতের সামগ্রিক ঘাটতি অনেকটাই কমে আসবে বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ লক্ষ্যে সরকার সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে এবং উদ্যোক্তাদের বিভিন্ন নীতিগত সুবিধা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
আজ শনিবার (২৯ আগস্ট ২০২৬) দুপুরে যশোর পিটিআই অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে মানসম্মত ও নৈতিক শিক্ষার উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে প্রধান শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও গভর্নিং বডির সভাপতিদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “আগামী গ্রীষ্মের আগেই দেশে ন্যূনতম তিন হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা অর্জনে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে সরকার। সৌরবিদ্যুৎ উৎপাদনে বেসরকারি উদ্যোক্তাদের নানা সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। এই লক্ষ্যমাত্রা পূরণ হলে আগামী গ্রীষ্মে গ্রাহকদের বিদ্যুতের ভোগান্তি বা লোডশেডিংয়ের ঘাটতি অনেকটাই লাঘব হবে।”
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “সৌদি আরবের মতো জ্বালানি সমৃদ্ধ দেশ যেখানে তেলের ওপর ভাসছে, সেখানেও তেলের দাম বাড়াতে হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রেও তেল-গ্যাসের দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে যখন অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটে, তখন আমাদের মতো উন্নয়নশীল দেশে সরকার দীর্ঘদিন সমন্বয়হীন থাকতে পারে না। তার পরও সাধারণ মানুষের ওপর চাপ সহনীয় রাখতে সরকার অত্যন্ত সতর্কতার সাথে মূল্য সমন্বয় করছে।” এ সময় তিনি নাগরিক জীবনে জ্বালানি অপচয় রোধ করে পরিমিত ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।
শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতার শক্ত ভিত্তি গড়ে তুলতে হবে। অর্থের অভাবে কোনো অসচ্ছল শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হবে না; সরকার তাদের দায়িত্ব বহন করবে।” এছাড়া শিক্ষাঙ্গনের পরিবেশ সুরক্ষায় বাল্যবিয়ে প্রতিরোধ ও স্যানিটেশন ব্যবস্থার মানোন্নয়নে অভিভাবকদের সাথে সমন্বয়ের পরামর্শ দেন তিনি।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, “রাজনৈতিক কিংবা দলীয় পরিচয় ব্যবহার করে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অযাচিত প্রভাব বিস্তার বা অরাজকতা সৃষ্টি করা হলে তা একবিন্দুও বরদাশত করা হবে না। দলের যে স্তরের নেতাই হোক না কেন, অপকর্ম করলে প্রথমে দলীয় সাংগঠনিক ব্যবস্থা এবং পরবর্তীতে কঠোর আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।”
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার