সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ ছিনতাইকারী ও ১৯ আসামি গ্রেপ্তার

প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ণ
সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ ছিনতাইকারী ও ১৯ আসামি গ্রেপ্তার
সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হচ্ছে (ফাইল ছবি)।

মো. মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মাদক নির্মূল ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শনিবার (২৯ আগস্ট ২০২৬) ভোরবেলা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় সোনারগাঁও থানা-পুলিশের একাধিক চৌকস দল এ সাঁড়াশি অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) আরিফুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ভোর আনুমানিক ৫টা ৫৫ মিনিটের দিকে কাঁচপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর এলাকায় কামাল সরদারের বসতবাড়ির সামনের পাকা রাস্তায় সন্দেহভাজন হিসেবে তল্লাশি চালানো হয়। এ সময় রূপগঞ্জ থানার মাছুমাবাদ গ্রামের মৃত মন্টু ডাক্তারের ছেলে এবং বর্তমানে পূর্ব সোনাপুরের ভাড়াটিয়া কাজী রিপন (৪২)-এর হেফাজত থেকে ৬০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

একই অভিযানে ভ্রাম্যমাণ আদালতের আওতায় ১২ জন, নিয়মিত আদালতের পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) ৪ জন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ১ জন এবং ১ জন চিহ্নিত ছিনতাইকারীসহ সর্বমোট ১৯ জন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, এলাকায় মাদক নির্মূল, ছিনতাই প্রতিরোধ ও সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে কঠোর পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে এ ধরনের সাঁড়াশি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য করুন