দেশের ৬ অঞ্চলে রাতের মধ্যে তীব্র ঝড়ের আভাস

প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ণ
দেশের ৬ অঞ্চলে রাতের মধ্যে তীব্র ঝড়ের আভাস
রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে ঝড়বৃষ্টির পূর্বাভাস (ফাইল ছবি)।

নিজস্ব প্রতিবেদক: দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ৬টি জেলার ওপর দিয়ে আজ রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ শনিবার (২৯ আগস্ট ২০২৬) বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার এক বিশেষ পূর্বাভাসে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় জানানো হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ সতর্কসংকেত প্রদর্শন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে আগামীকাল রবিবার (৩০ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে এই সময়ে সারা দেশে দিন এবং রাতের সার্বিক তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মন্তব্য করুন