ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তরিকুল ইসলাম পবন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় দুর্বৃত্তরা তাঁর মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় এবং সাথে থাকা এক নারীকে মারধর করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়।
আজ বুধবার (১৭ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম। তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর বাজার ব্রিজের ওপর এই ঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলাম পবন ঢাকার শ্যামপুর থানার পোস্তগোলা কলিমুল্লাহ বাগ এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম মাসুদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে পবন এক নারীসহ মোটরসাইকেলযোগে আব্দুল্লাহপুর বাজার ব্রিজ এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে আসা চার ছিনতাইকারী তাদের গতি রোধ করে। মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে ছিনতাইকারীরা পবনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সড়কে ফেলে দেয় এবং তাঁর সাথে থাকা নারীকে মারধর করে ফেলে রেখে মোটরসাইকেলটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
এক নারীর কান্নার শব্দ শুনে ব্রিজের ওপর গিয়ে তরিকুল ইসলাম পবনকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন প্রত্যক্ষদর্শী আমিনুল ইসলাম অপু। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল আলম বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় জড়িত ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি আইনি প্রক্রিয়াও চলমান রয়েছে।
|