আর্জেন্টিনার জয়ে ‘কি রাগ করলা?’—ভক্তদের খোঁচা দিলেন প্রভা
বিনোদন ডেস্ক: বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার দুর্দান্ত জয়ে ভাসছে পুরো দেশ। এই জয়ের আনন্দে শামিল হয়েছেন শোবিজের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাও। দুই দশকের বেশি সময় ধরে আর্জেন্টিনার সমর্থক প্রভা মেসির হ্যাটট্রিক ও দলের জয়ে নিজের উচ্ছ্বাস ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।
সোশ্যাল মিডিয়ায় আর্জেন্টিনা দলের জার্সি পরে একটি ভিডিও পোস্ট করেছেন এই অভিনেত্রী। ভিডিওর শুরুতেই তিনি তার অনুসারীদের সালাম জানিয়ে কুশল বিনিময় করেন। এরপর নিজের পরিহিত জার্সির দিকে তাকিয়ে মিষ্টি হেসে রসিকতা করে বলেন, “কি রাগ করলা?” প্রভার এই খোঁচা মূলত সেই সব ভক্তদের প্রতি, যারা আর্জেন্টিনার সমর্থক নয়।
ভিডিওটি আপলোডের মাত্র দুই ঘণ্টার মধ্যেই তা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। দুই লাখ ৬৬ হাজারেরও বেশি ভিউ এবং ১৪ হাজারের বেশি রিঅ্যাকশন পাওয়া ভিডিওটি নিয়ে নেটিজেনদের মধ্যে বেশ আলোচনা চলছে।
এর আগে দুদিন আগেই প্রভা তার ফেসবুক পেজে আর্জেন্টিনা দলের পতাকার সঙ্গে একটি ছবি পোস্ট করে নিজেকে ‘লয়্যাল’ বা বিশ্বস্ত সমর্থক হিসেবে পরিচয় দিয়েছিলেন। উল্লেখ্য, শুধু প্রভাই নন, আর্জেন্টিনার জয় উদযাপনে মেহজাবীন চৌধুরী, পরীমনি, কেয়া পায়েল, নাদিয়া আহমেদ ও এফএস নাঈমসহ অনেক তারকাও সোচ্চার ছিলেন। খেলার মাঠের উত্তেজনার ঢেউ এখন শোবিজ অঙ্গনেও বেশ ভালোভাবেই অনুভূত হচ্ছে।
জান্নাত সকালবেলা
|