ইবির নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হলেন অধ্যাপক ড. আতিকুর রহমান
তাছনিম আলম, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. আতিকুর রহমান।
আজ শনিবার (২৯ আগস্ট ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.কে.এম মতিনুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই দায়িত্ব অর্পণ করা হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, পূর্ববর্তী ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকের ব্যক্তিগত আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে ২৯ আগস্ট তারিখ পূর্বাহ্ন থেকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একই দিন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমানকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার পদে নিয়োগ প্রদান করা হলো। তিনি বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক এই পদের সকল সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় নবনিযুক্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, “আমার ওপর আস্থা রেখে এই দায়িত্ব অর্পণ করায় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। রেজিস্ট্রার দপ্তরের সার্বিক কার্যক্রম স্বচ্ছতা ও সততার সাথে পালনের জন্য আমি সবার দোয়া ও পরামর্শ কামনা করি। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই হবে এই দপ্তরের মূল লক্ষ্য।”
দাপ্তরিক সীমাবদ্ধতা দূর করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, “কাজে কিছু কাঠামোগত সীমাবদ্ধতা থাকলেও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় ইতিমধ্যে কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ প্রকল্প গ্রহণ করেছেন। আশা করছি দ্রুতই এর সুফল মিলবে। বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রযাত্রায় দল-মত নির্বিশেষে আমি সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।”
উল্লেখ্য, এর আগে গত বছরের ৫ মার্চ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. মনজুরুল হক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ লাভ করেছিলেন। তাঁর পদত্যাগপত্রের আবেদনের প্রেক্ষিতেই আজ নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে অধ্যাপক ড. আতিকুর রহমানকে এই পদে দায়িত্ব দিল প্রশাসন।