ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ভ্রমণ ডেস্ক: লালমাই পাহাড়ের বাঁকে বাঁকে ঘুমিয়ে থাকা হাজার বছরের প্রাচীন সভ্যতা আর ঐতিহ্যের আভিজাত্য নিয়ে দাঁড়িয়ে আছে মায়াবী জনপদ কুমিল্লা। ঢাকা কিংবা পার্শ্ববর্তী জেলাগুলো থেকে যান্ত্রিক জীবনের ক্লান্তি মুছে দিতে কুমিল্লার চেয়ে সেরা গন্তব্য আর দ্বিতীয়টি নেই। ময়নামতি কিংবা লালমাইয়ের লাল মাটির পথ আজও পর্যটকদের এক প্রশান্তির বার্তা বহন করে। একদিনের সংক্ষিপ্ত সফরে কুমিল্লার প্রাচীন কীর্তি, জমিদার বাড়ির জৌলুস আর জিভে জল আনা রসমালাইয়ের স্বাদ নিতে মুখিয়ে থাকেন ভ্রমণপিপাসুরা।
কুমিল্লার প্রধান আকর্ষণ হলো কোটবাড়ির শালবন বৌদ্ধ বিহার। সপ্তম শতাব্দীতে রাজা শ্রীভবদেব নির্মিত এই স্থাপনাটি বাংলাদেশের প্রাচীন সভ্যতার এক অনন্য দলিল। এর পাশেই ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত ময়নামতি জাদুঘর, যেখানে সংরক্ষিত আছে ৪২টি গ্যালারি জুড়ে সপ্তম ও অষ্টম শতাব্দীর দুর্লভ সব প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এছাড়া সমতল ভূমি থেকে ৪০ ফুট উঁচুতে অবস্থিত ইটাখোলা মুড়া এবং রহিম-রূপবানের লোকগাথার স্মৃতিবিজড়িত রূপবান মুড়া পর্যটকদের দারুণভাবে আকর্ষণ করে। আধুনিক স্থাপত্যের নিদর্শন হিসেবে রয়েছে কোটবাড়ির নব শালবন বিহার, যেখানে থাইল্যান্ড থেকে আনা ৬ টন ওজনের সোনালি বৌদ্ধ মূর্তিটি সূর্যের আলোয় অপূর্ব দ্যুতি ছড়ায়।
ইতিহাসের খোঁজে যারা ঘুরতে ভালোবাসেন, তাদের জন্য লাকসামের ডাকাতিয়া নদীর তীরে অবস্থিত নওয়াব ফয়জুন্নেসা হাউজ এবং মুরাদনগরের ৪০০ বছরের পুরোনো জাহাপুর জমিদার বাড়ি এক রাজকীয় অভিজ্ঞতা দেবে। মুঘল রীতির নকশা খোদাই করা এই প্রাসাদগুলো আজও প্রাচীন জমিদারি প্রথার জৌলুস মনে করিয়ে দেয়। বিনোদনের জন্য রয়েছে ড. আখতার হামিদ খানের স্বপ্নের ‘বার্ড’, লালমাই পাহাড়ের ‘ডাইনো পার্ক’ ও ‘ম্যাজিক প্যারাডাইস’। এছাড়া শহর সংলগ্ন বিশাল ধর্মসাগর দীঘির পাড়ে বিকেলের আড্ডা আর নৌকা ভ্রমণ এক স্নিগ্ধ আমেজ তৈরি করে।
কুমিল্লা ভ্রমণে এলে পর্যটকদের জন্য বিশেষ সতর্কবার্তা হলো আসল ‘মাতৃভাণ্ডার’ চিনে নেওয়া। একমাত্র কুমিল্লার মনোহরপুরেই প্রকৃত মাতৃভাণ্ডার অবস্থিত; হাইওয়ের পাশের দোকানগুলো থেকে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেন অভিজ্ঞ পর্যটকরা। ফেরার পথে ঐতিহ্যের খাদি কাপড় আর মাতৃভাণ্ডারের রসমালাইয়ের হাঁড়ি সাথে থাকলে একদিনের এই রাজকীয় সফরটি পূর্ণতা পায়। যান্ত্রিক ব্যস্ততায় স্বস্তির নিশ্বাস নিতে কুমিল্লার আতিথেয়তা আর ইতিহাসের ঘ্রাণ বারবার পর্যটকদের ফিরে আসতে বাধ্য করে।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ