‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হয়ে যা বললেন তমা রশিদ

‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হয়ে যা বললেন তমা রশিদ

বিনোদন ডেস্ক: ২০২৬ সালের ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপিকা ও কন্টেন্ট ক্রিয়েটর তমা রশিদ। আন্তর্জাতিক এই সৌন্দর্য ও ব্যক্তিত্বভিত্তিক প্রতিযোগিতায় প্রথমবারের মতো কোনো বাংলাদেশি হিসেবে বিজয়ের মুকুট অর্জন করে নজির স্থাপন করলেন তিনি। গত রবিবার (২৬ এপ্রিল) থাইল্যান্ডে অনুষ্ঠিত প্রতিযোগিতার জমকালো গ্র্যান্ড ফিনালেতে প্রায় ৪০টি দেশের প্রতিযোগীকে হারিয়ে বিজয়ীর গৌরব অর্জন করেন তিনি। আজ মঙ্গলবার বিকেলে থাইল্যান্ড থেকে তার দেশে ফেরার কথা রয়েছে।

আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করার পর এক অনুভূতি প্রকাশে তমা রশিদ বলেন, ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ হিসেবে এবারই প্রথম বাংলাদেশ জয়ী হয়েছে। দেশের প্রতিনিধিত্ব করতে এসে এমন একটি বিশ্বমানের প্ল্যাটফর্ম থেকে মুকুট নিয়ে ফিরছি, এই আনন্দ আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। তিনি জানান, বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীদের সঙ্গে লড়াইটা মোটেও সহজ ছিল না। বিশেষ করে ফাইনাল রাউন্ডে ভারতের প্রতিযোগীর সঙ্গে তার হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

নিজের সাফল্যের মূল চাবিকাঠি সম্পর্কে তমা রশিদ জানান, কস্টিউম, ক্যাটওয়াক এবং কুইজ সেগমেন্টে তিনি অত্যন্ত সফল ছিলেন। মূলত এই বিভাগগুলোতে ভালো ফলাফলই তাকে বিজয়ের দৌড়ে সবার চেয়ে এগিয়ে রেখেছে। তার এই অর্জন বাংলাদেশের নারীদের জন্য আন্তর্জাতিক অঙ্গনে এক নতুন অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এই উপস্থাপিকা জানান, দেশে ফিরে তিনি পুনরায় নিয়মিত উপস্থাপনায় মনোনিবেশ করবেন। সেই সঙ্গে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আগ্রহী দেশের তরুণীদের সঠিক দিকনির্দেশনা ও পরামর্শ দেওয়ার জন্য একজন মেন্টর বা পরামর্শক হিসেবেও কাজ করার ইচ্ছা পোষণ করেছেন তিনি।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন