ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
স্পোর্টস ডেস্ক: আগামী জুনে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নতুন এক মহাপরিকল্পনা হাতে নিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ। উচ্চমূল্যের টিকিট এবং যাতায়াত খরচের কারণে অনেক সাধারণ দর্শকের পক্ষেই স্টেডিয়ামে বসে খেলা দেখা সম্ভব হয় না। এই সীমাবদ্ধতা দূর করতে শহরজুড়ে বিনামূল্যে ‘ফ্যান জোন’ স্থাপন এবং বড় পর্দায় সরাসরি ম্যাচ দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এবং অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোকুল যৌথভাবে এই জনবান্ধব পরিকল্পনার ঘোষণা দেন।
কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, নিউইয়র্ক শহরের পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে বড় পর্দা বসিয়ে উৎসবমুখর পরিবেশে খেলা দেখার ব্যবস্থা করা হবে। এর মধ্যে রয়েছে ম্যানহাটানের রকফেলার সেন্টার, কুইন্সের বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টার, ব্রুকলিন ব্রিজ পার্ক, ব্রঙ্কসের ইয়াঙ্কি স্টেডিয়াম সংলগ্ন এলাকা এবং স্টেটেন আইল্যান্ডের একটি বেসবল স্টেডিয়াম। মূলত সাধারণ নাগরিকদের ওপর থেকে অর্থনৈতিক বোঝা কমাতে এবং বিশ্বকাপের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই এই সিদ্ধান্ত। এর ফলে স্টেডিয়ামে না গিয়েও দর্শকরা গ্যালারির আমেজ উপভোগ করতে পারবেন।
ফ্যান জোনের পাশাপাশি নিউ জার্সির হ্যারিসনে অবস্থিত স্পোর্টস ইলাস্ট্রেটেড স্টেডিয়ামে একটি আলাদা ফ্যান ইভেন্টের আয়োজন করা হয়েছে, যেখানে প্রবেশমূল্য রাখা হয়েছে মাত্র ১০ ডলার। উল্লেখ্য, বিশ্বকাপের মূল ম্যাচগুলো নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে সেখানে যাতায়াত ব্যবস্থা বেশ ব্যয়বহুল হওয়ায় ফ্যান জোনগুলোর প্রতি দর্শকদের ব্যাপক আগ্রহ থাকবে বলে মনে করা হচ্ছে। বিশ্বকাপের উন্মাদনা কেবল গুটিকয়েক মানুষের মধ্যে সীমাবদ্ধ না রেখে গণমানুষের উৎসবে পরিণত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
নিউইয়র্ক সিটির এই মডেলটি যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরেও অনুসরণের পরিকল্পনা রয়েছে। শহর কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়টি মাথায় রেখে প্রতিটি ফ্যান জোনে বিশেষ স্বেচ্ছাসেবক বাহিনী মোতায়েন থাকবে। যাতায়াত খরচ ও টিকিটের উচ্চমূল্যের কারণে যারা পিছিয়ে পড়ছিলেন, তাদের জন্য নিউইয়র্ক প্রশাসনের এই পদক্ষেপ ক্রীড়া বিশ্বে বেশ প্রশংসিত হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে আধুনিক ফুটবলের জনপ্রিয়তা মার্কিন মুলুকে আরও একধাপ এগিয়ে যাবে বলে ক্রীড়া বিশ্লেষকরা মনে করছেন।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ