ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় হামে ৩ শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় হামে ৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে নতুন করে আরও ৩২ জন রোগী ভর্তি হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত তিন শিশুর মধ্যে দুইজন ছেলে এবং একজন মেয়ে। নিহত ৪ মাস বয়সী মেয়ে শিশুটির বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায়। নিহত দুই ছেলে শিশুর মধ্যে একজনের বয়স সাত মাস, যার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলায়। অপর পাঁচ মাস বয়সী মৃত শিশুটির বাড়ি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায়। চিকিৎসকরা জানান, হামের তীব্র উপসর্গ নিয়ে তারা হাসপাতালে ভর্তি হয়েছিল এবং যথাযথ চিকিৎসার পরও তাদের বাঁচানো সম্ভব হয়নি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিসংখ্যানে দেখা গেছে, গত ১৭ মার্চ থেকে এই অঞ্চলে হামের প্রকোপ উল্লেখযোগ্য হারে বেড়েছে। ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৯২৫ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে গত ১ মাসেরও কম সময়ে মোট ২০ জন শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি হওয়া নতুন ৩২ জনসহ অন্যান্য রোগীদের বিশেষ ইউনিটে চিকিৎসা প্রদান করা হচ্ছে। সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন