ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশের বাজারে সোনার দাম আবারও কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম হ্রাসের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে সারাদেশে নতুন এই দাম কার্যকর করা হয়েছে। এর আগে গত ২৩ এপ্রিলও সোনার দাম কমিয়েছিল সংগঠনটি। মাত্র পাঁচ দিনের ব্যবধানে দ্বিতীয় দফায় সোনার দাম কমায় ক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে।
মঙ্গলবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক বৈঠকে সোনার দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। এর আগে এই মানের সোনার দাম ছিল ১ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোনার পাশাপাশি অন্যান্য মানের সোনার দামও কমানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনা এখন থেকে ১ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকায় বিক্রি হবে, যা আগের তুলনায় ২ হাজার ৯৯ টাকা কম। এ ছাড়া ১৮ ক্যারেটের সোনা ১ হাজার ৮০৭ টাকা কমিয়ে ১ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ৬৩ হাজার ৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার পাশাপাশি রুপার দামেও কিছুটা পরিবর্তন এনেছে বাজুস। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৩৩ টাকা কমিয়ে ৫ হাজার ৪৮২ টাকা করা হয়েছে। ২১ ক্যারেটের রুপার দাম ২৩৪ টাকা কমিয়ে ৫ হাজার ১৯০ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৪ হাজার ৪৯১ টাকা করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১১৬ টাকা কমিয়ে ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে ও স্থানীয় চাহিদা বিবেচনায় দাম কমানোর এই ধারাবাহিকতা বজায় রাখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ