ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ধর্ম ডেস্ক: সৌদি আরবের সঙ্গে বিশেষ সমঝোতার ভিত্তিতে চলতি বছর প্রায় ৩০ হাজার ইরানি নাগরিক পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। দুই দেশের উচ্চপর্যায়ের সমন্বিত সিদ্ধান্তের পর সোমবার (২৭ এপ্রিল) থেকেই এই হজযাত্রা শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা। ইরানের হজ ও ওমরাহ সংস্থার উপ-প্রধান আকবর রেজায়ি জানিয়েছেন, সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় সব ধরনের দাপ্তরিক অনুমতি পাওয়ার পর এ বছর ইরানি নাগরিকদের জন্য হজের পথ সুগম হয়েছে।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী, ইরানি হজযাত্রীদের যাতায়াত এবং অবস্থানসহ পুরো সফরটি একটি সুশৃঙ্খল ব্যবস্থাপনার অধীনে পরিচালিত হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সকল সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে ইতোমধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। আকবর রেজায়ি আরও জানান, এবার হজ কাফেলা বা গ্রুপগুলোর কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। সরকারি ইলেকট্রনিক প্ল্যাটফর্মে নতুন করে আরও ২৩৬টি গ্রুপ যুক্ত করা হয়েছে, যা হজযাত্রীদের নিবন্ধন ও ব্যবস্থাপনা আরও সহজতর করবে।
মক্কায় হজযাত্রীদের স্বাগত জানাতে সৌদি কর্তৃপক্ষ এবং জেদ্দায় অবস্থিত ইরানি দূতাবাস ও কনস্যুলেট নিবিড়ভাবে কাজ করছে। জানা গেছে, হজযাত্রীদের উন্নত আবাসন নিশ্চিত করতে মদিনায় ১৬টি এবং মক্কায় ২৪টি হোটেল বরাদ্দ দেওয়া হয়েছে। এবার মদিনায় অবস্থানের সময়সীমা বাড়িয়ে ৬ রাত ৭ দিন করা হয়েছে। এ ছাড়া হজ চলাকালীন হজযাত্রীদের জন্য নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করবে ইরান সরকার।
সোমবার প্রথম দফায় ইরানি হজযাত্রীদের একটি কাফেলা মদিনায় পৌঁছেছে। বিমান চলাচল কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদনের ভিত্তিতে ফ্লাইটগুলো পরিচালিত হচ্ছে। তবে কোনো কারণে আকাশপথে বিঘ্ন ঘটলে বিকল্প হিসেবে স্থলপথে যাতায়াতের জন্য জরুরি পরিকল্পনাও প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দীর্ঘ প্রতীক্ষার পর ইরানের বিপুল সংখ্যক মানুষের হজে অংশগ্রহণের এই সুযোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ধর্মপ্রাণ মুসলমানরা।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ