প্রিজন ভ্যান দুর্ঘটনায় আহত পলক

প্রিজন ভ্যান দুর্ঘটনায় আহত পলক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে ট্রাক চালক হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে আগামী ২১ মে দিন ধার্য করেছেন আদালত। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এই নতুন তারিখ নির্ধারণ করেন। এদিকে, কারাগারে নেওয়ার পথে প্রিজন ভ্যান দুর্ঘটনায় আহত হওয়ার দাবি করে সুচিকিৎসার সুযোগ চেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এদিন মামলার কারাবন্দি আসামি জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকে আদালতে হাজির করা হয়। শুনানির শুরুতে আসামিপক্ষ সময় আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরে মালবাহী ট্রাক চালক মো. হোসেন গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় এই মামলাটি দায়ের করা হয়েছিল।

আদালত থেকে হাজতখানায় নেওয়ার সময় পলক তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখিকে জানান, গত রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে কারাগারে ফেরার পথে তাদের প্রিজন ভ্যানটিকে অন্য একটি গাড়ি ধাক্কা দেয়। এতে তিনি ঘাড়ে প্রচণ্ড আঘাত পান। ব্যথার তীব্রতার কারণে তিনি দ্রুত এমআরআই (MRI) পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নিতে আদালতের হস্তক্ষেপ কামনা করেছেন।

পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জানান, "পলক সাহেব প্রিজন ভ্যানে চোট পাওয়ার কথা জানিয়েছেন। আজ সময় স্বল্পতার কারণে আনুষ্ঠানিক আবেদন করা সম্ভব হয়নি, তবে আগামীকাল বুধবার চিকিৎসার অনুমতি চেয়ে আমরা আদালতে আবেদন দাখিল করব।"

২০২৪ সালের ৩১ আগস্ট শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মামলাটি করেন নিহতের স্ত্রী রীনা বেগম। তদন্ত শেষে গত বছরের ২৩ নভেম্বর মোহাম্মদপুর থানা পুলিশ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। মামলার উল্লেখযোগ্য অন্য আসামিদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল এবং হাসান মাহমুদ।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন