ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বিনোদন ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে ‘আওয়ারাপন ২’ সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করেছেন প্রযোজক বিশেশ ভাট। বহুল আলোচিত এই সিক্যুয়ালটি আগামী ১৪ আগস্ট ২০২৬ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমার ফার্স্ট লুক প্রকাশের পাশাপাশি এই ঘোষণা দেওয়া হয়।
এই সিনেমার মাধ্যমে দীর্ঘ সময় পর আবারও একসঙ্গে কাজ করছেন প্রযোজক বিশেশ ভাট ও অভিনেতা ইমরান হাশমি। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত কালজয়ী ‘আওয়ারাপন’ সিনেমার সেই পরিচিত আবেগ ও গল্প এবার নতুন আঙ্গিকে বড় পর্দায় ফিরছে। অ্যাকশন-ড্রামা ঘরানার এই সিক্যুয়ালে ইমরানের সঙ্গে প্রধান নারী চরিত্রে দেখা যাবে দিশা পাটানিকে।
নির্মাতাদের ভাবনা: সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বিশেশ ভাট বলেন, "আওয়ারাপন এমন একটি আবেগ, যা বড় পর্দার জন্যই তৈরি। এবারের কিস্তিতে আমরা বিশাল ক্যানভাস আর বড় মাপের দৃশ্য রাখলেও এর মূল শক্তি হবে এর শক্তিশালী চরিত্র এবং সমৃদ্ধ সংগীত।"
ইমরান হাশমির চরিত্র প্রসঙ্গে তিনি জানান, পুরনো সেই ‘শিবম’ চরিত্রের যন্ত্রণা ইমরান এতটাই গভীরভাবে ধারণ করেছেন যে শুটিংয়ের শুরুতেই তিনি পুরো টিমের নজর কেড়েছেন। অন্যদিকে দিশা পাটানির অন্তর্ভুক্তি সিনেমায় নতুন এক মাত্রা যোগ করেছে বলে মনে করেন নির্মাতা।
নির্মাণ নেপথ্যে: বিশেশ ফিল্মসের ব্যানারে নির্মিত ‘আওয়ারাপন ২’ পরিচালনা করছেন নীতিন কক্কর এবং এর চিত্রনাট্য লিখেছেন বিলাল সিদ্দিকী। অনেক বছর ধরে দর্শকমহলে জনপ্রিয়তা ধরে রাখা এই ফ্র্যাঞ্চাইজিটি এবার প্রেম, বিচ্ছেদ ও আত্মমুক্তির এক নতুন অধ্যায় তুলে ধরবে বলে ধারণা করা হচ্ছে।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ