ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ১০ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ অপহরণ করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে বড়পরী গ্রামে এক সংবাদ সম্মেলনে অপহৃত শিক্ষার্থীর খালা সুমাইয়া আজম স্বর্ণালী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
উপজেলার খাউলিয়া ইউনিয়নের বড়পরী গ্রামের বাসিন্দা এবং বাহরাইন প্রবাসী ফারুক মোড়লের স্ত্রী সুমাইয়া আজম স্বর্ণালী জানান, গত ২৪ এপ্রিল রাতে সবাই যখন ঘুমে ছিলেন, তখন পাশের শরণখোলা উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের মিজান হাওলাদারের ছেলে নাজমুল হাসান মাহিন (১৯) তাঁর প্রতিবন্ধী বোনের মেয়ে সাদিয়া আক্তার মুনা (১৫)-কে অপহরণ করে নিয়ে যায়। সাদিয়া পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী এবং ছোটবেলা থেকেই খালার কাছে বড় হয়েছে। পালানোর সময় হামলাকারী ঘরে থাকা আলমিরা ভেঙে ১০ ভরি স্বর্ণালংকার এবং নগদ প্রায় ৩০ হাজার টাকাও নিয়ে যায় বলে অভিযোগ।
এই ঘটনায় সুমাইয়া আজম স্বর্ণালী বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। থানার ওসি সন্ন্যাসী ফাঁড়ির এসআই তমিজ উদ্দিনকে তদন্তের দায়িত্ব দিলেও ঘটনার ২৫ দিন অতিবাহিত হলেও শিক্ষার্থী মুনা বা লুট হওয়া স্বর্ণ ও টাকা উদ্ধারে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেন বাদী।
সন্ন্যাসী ফাঁড়ির এসআই তমিজ উদ্দিন অবশ্য অপহরণের বিষয়টি অস্বীকার করে বলেন, “এটি অপহরণ নয়, এর আগেও মেয়েটি একবার চলে গিয়েছিল। আমি অভিভাবকদের মাধ্যমে ছেলে ও মেয়ে উভয়কে উদ্ধারের চেষ্টা করছি।”
নাজমুল হাসান মাহিনের মা মাহিনুর বেগম জানান, ছেলে ও মেয়ে একবার বাড়ি থেকে চলে যাওয়ার পর জেল থেকে বের হয়ে মাহিন আবারও মেয়েটিকে নিয়ে চলে গেছে। বর্তমানে তাদের ফোন বন্ধ রয়েছে এবং আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে সুমাইয়া আজম স্বর্ণালী দ্রুত তাঁর ভাগ্নিকে উদ্ধারের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ