ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বিনোদন প্রতিবেদক: উত্তর আমেরিকার বক্স অফিসে ইতিহাস গড়লো তানিম নূর পরিচালিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। কানাডা ও যুক্তরাষ্ট্রের বাজারে প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে ৪ লাখ ডলার আয়ের মাইলফলক স্পর্শ করেছে তারকাবহুল এই চলচ্চিত্রটি। মাত্র দুই সপ্তাহেই মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ সিনেমার লাইফটাইম আয়ের রেকর্ড ভেঙে এখন শীর্ষে অবস্থান করছে সিনেমাটি।
আয়ের খতিয়ান: ছবিটির আন্তর্জাতিক পরিবেশক ‘স্বপ্ন স্কেয়ারক্রো’-এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব এই অর্জনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মুক্তির প্রথম ১৭ দিনেই উত্তর আমেরিকায় ৪ লাখ ১ হাজার ডলার গ্রস কালেকশন করেছে ‘বনলতা এক্সপ্রেস’। বর্তমানে সিনেমাটির তৃতীয় সপ্তাহ চলছে এবং এই সপ্তাহেও এটি রেকর্ড ৪০ হাজার ডলার আয় করেছে।
সাফল্যের নেপথ্যে: বর্তমানে উত্তর আমেরিকার ২১টি প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে। বুড়িগঙ্গা টকিজ প্রযোজিত এবং হইচই প্রডাকশন সহ-প্রযোজিত এই সিনেমায় দেশের একঝাঁক শীর্ষ তারকা অভিনয় করেছেন। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, সাবিলা নূর, শরীফুল রাজ ও শ্যামল মাওলার মতো শক্তিমান অভিনেতাদের রসায়ন দর্শকদের হলমুখী করতে বড় ভূমিকা রেখেছে।
তানিম নূরের সুনিপুণ নির্মাণ আর তারকাবহুল কাস্টিংয়ের কারণে প্রবাসীদের মধ্যে ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে উন্মাদনা বেড়েই চলেছে, যা বাংলাদেশি সিনেমার বিশ্ববাজার জয়ে এক নতুন সম্ভাবনা তৈরি করেছে।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ