নিজ গ্রামে ফিরতে লেবাননবাসীদের বাধা দিচ্ছে ইসরায়েল

নিজ গ্রামে ফিরতে লেবাননবাসীদের বাধা দিচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি চললেও দক্ষিণ লেবাননের বাসিন্দাদের নিজ এলাকায় ফিরতে বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী। 

সোমবার (২০ এপ্রিল) এক জরুরি সতর্কবার্তায় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্তের কাছাকাছি থাকা গ্রামগুলোতে বাসিন্দাদের প্রবেশ বা চলাচল করা আপাতত নিষিদ্ধ।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচাই আদ্রায়ি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক বিবৃতিতে নির্দিষ্ট কিছু গ্রামের তালিকা প্রকাশ করেছেন। তিনি সতর্ক করে বলেন, দক্ষিণ লেবাননের বাসিন্দারা যেন লিটানি নদী, ওয়াদি আল-সালহানি এবং সুলুকি এলাকা থেকে দূরে থাকেন। এছাড়া নাকুরা, মারুন আল-রাস, বিনত জুবাইল এবং আইতা আল-শাব-সহ সীমান্তের কাছের ডজনখানেক গ্রামে নাগরিকদের ফিরে না আসার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

লেবানন কর্তৃপক্ষের তথ্যমতে, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে এ পর্যন্ত প্রায় ২ হাজার ৩০০ জন নিহত এবং ৭ হাজার ৫০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়া বাড়িঘর ছেড়ে বাস্তুচ্যুত হয়েছেন ১০ লক্ষাধিক মানুষ।

গত বৃহস্পতিবার থেকে ১০ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে এই নতুন নিষেধাজ্ঞা জারির ফলে নিজ গ্রামে ফেরার অপেক্ষায় থাকা হাজার হাজার সাধারণ মানুষের মধ্যে চরম হতাশা ও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সূত্র: টিআরটি উর্দু। 

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন