যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার দাবি বেলজিয়ামের

যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার দাবি বেলজিয়ামের

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল ও ইরানের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরিধি লেবানন পর্যন্ত বিস্তৃত করার জোরালো দাবি জানিয়েছেন বেলজিয়ামের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট। লেবানন সফররত এই মন্ত্রী বুধবার বৈরুতে বেলজিয়াম দূতাবাসের মাত্র কয়েকশ মিটার দূরত্বে ইসরায়েলি হামলার পর এই আহ্বান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যম 'এক্স'-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে ম্যাক্সিম প্রিভোট বলেন, "ইসরায়েলি ক্ষেপণাস্ত্র যখন আঘাত হানে, তখন আমি আমার প্রতিনিধি দলসহ বৈরুতস্থ দূতাবাসে অবস্থান করছিলাম। আমাদের খুব কাছেই এই হামলা হয়েছে। এই ধ্বংসযজ্ঞ অবিলম্বে বন্ধ হওয়া উচিত। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছে, তাতে লেবাননকেও অন্তর্ভুক্ত করা এখন সময়ের দাবি।"

তিনি লেবাননের সেনাপ্রধান জেনারেল জোসেফ আউনের পক্ষ থেকে ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির আনুষ্ঠানিক আলোচনার প্রস্তাবকে স্বাগত জানান। প্রিভোট আরও উল্লেখ করেন, হামলার আগে কোনো সতর্কবার্তা জারি না করা প্রমাণ করে যে, যুদ্ধবিরতির পরিধি বাড়ানো কতটা জরুরি। তিনি বর্তমান পরিস্থিতিতে লেবানন সরকারের প্রতি বেলজিয়ামের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

পাকিস্তানের মধ্যস্থতায় গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি এবং একটি ১০ দফার ‘টেকসই’ আলোচনার প্রস্তাব ঘোষণা করেন। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং চুক্তি মেনে নেওয়ার বিষয়ে ট্রাম্পের দেওয়া আল্টিমেটাম শেষ হওয়ার মাত্র দুই ঘণ্টা আগে এই ঘোষণা আসে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালালে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। এরপর ২ মার্চ ইসরায়েলি ও মার্কিন হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হলে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। এর প্রতিক্রিয়ায় তেহরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা শুরু করলে লেবানন এই যুদ্ধে জড়িয়ে পড়ে। গত এক মাসে ইসরায়েলের তীব্র হামলায় লেবাননে ১,৫৩০ জনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন