পহেলা বৈশাখে মুখোশ-বাঁশি নিষিদ্ধ

পহেলা বৈশাখে মুখোশ-বাঁশি নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক: বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ঘিরে রাজধানীসহ সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। এবারের বৈশাখী উৎসবে ফানুস উড্ডয়ন, আতশবাজি, গ্যাস বেলুন এবং বিরক্তিকর ভুভুজেলা বাঁশি বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সাথে জননিরাপত্তার স্বার্থে শোভাযাত্রায় মুখে মুখোশ পরা যাবে না এবং সকল অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান সভার সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান।

নির্দেশনায় বলা হয়েছে, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, হাতিরঝিল ও রবীন্দ্রসরোবরসহ দেশের সকল স্থানে আয়োজিত অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে সমাপ্ত করতে হবে। বিকেল ৫টার পর থেকে এসব এলাকায় নতুন করে কোনো দর্শনার্থী প্রবেশ করতে পারবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হওয়া ‘মঙ্গল শোভাযাত্রা’র নিরাপত্তায় বিশেষ নজরদারি থাকবে। অংশগ্রহণকারীরা কোনোভাবেই মুখ ঢেকে মুখোশ পরতে পারবেন না, তবে চাইলে হাতে বহন করতে পারবেন। এছাড়া মিছিলে যোগ দিতে হবে শুরুতেই; মাঝপথে কেউ এতে প্রবেশের সুযোগ পাবেন না।

নিরাপত্তা নিশ্চিতে রমনা বটমূল ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে ডগ স্কোয়াড, ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা এবং আর্চওয়ে স্থাপন করা হবে। ইভটিজিং, ছিনতাই ও পকেটমার ঠেকাতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারির পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সক্রিয় থাকবে।

বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, পহেলা বৈশাখের দিন টিএসসি মেট্রো রেল স্টেশন বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে। ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় স্টিকারবিহীন গাড়ি প্রবেশ করতে পারবে না। এছাড়া সাধারণ মানুষকে ব্যাগ, ব্যাকপ্যাক ও লাইটার সাথে না আনার এবং শিশুদের সাথে পরিচয়পত্র বা ফোন নম্বর সংবলিত চিরকুট রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন