বগুড়া প্রতিনিধি: বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা। ধানের শীষ প্রতীকে লড়া এই প্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে দ্বিগুণেরও বেশি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত চূড়ান্ত ফলাফল সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
নির্বাচনী ফলাফলে দেখা যায়, আসনের মোট ১৫১টি কেন্দ্রে রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আল আমিন তালুকদার (ফুলকপি প্রতীক) পেয়েছেন মাত্র ৫২৬ ভোট।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারের উপনির্বাচনে মোট ৪৩ শতাংশ ভোট পড়েছে। এর আগে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়। উল্লেখযোগ্য বিষয় হলো, ৩ হাজার ৭৩৬টি পোস্টাল ব্যালটের মধ্যে জমা পড়া ১ হাজার ৬৮টি ভোটের মধ্যেও আধিপত্য দেখিয়েছেন ধানের শীষের প্রার্থী; তিনি পেয়েছেন ৭১৬ ভোট।
রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম জানান, নির্বাচনের পরিবেশ অত্যন্ত স্বাভাবিক ও শান্তিপূর্ণ ছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র্যাব ও বিজিবির পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছেন।
চূড়ান্ত ফলাফল ঘোষণার পর বিএনপির নেতাকর্মীরা বিজয় মিছিল বের করেন এবং নবনির্বাচিত প্রার্থী রেজাউল করিম বাদশা বগুড়াবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ.আই.এল/সকালবেলা