দলীয় প্রতীক ছাড়াই হবে স্থানীয় নির্বাচন

দলীয় প্রতীক ছাড়াই হবে স্থানীয় নির্বাচন

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী, জবাবদিহিমূলক ও গতিশীল করার লক্ষ্যে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল, ২০২৬’ পাসের মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।

সংসদ অধিবেশনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিলটি উত্থাপন করেন। পরে স্পিকারের ভোটে বিলটি কণ্ঠভোটে পাস হয়। তবে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা বিলটির বিপক্ষে অবস্থান নেন এবং ‘না’ ভোট দেন। এর প্রতিবাদে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সংসদ থেকে ওয়াকআউটের ঘোষণা দেন। অবশ্য অধিবেশনের বিরতির পর তারা পুনরায় সংসদ কার্যক্রমে অংশ নেন।

বিলটির ওপর আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্য হান্নান মাসুদ তীব্র সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, "অন্তর্বর্তী সরকার বিশেষ পরিস্থিতিতে অধ্যাদেশ জারি করেছিল, কিন্তু এখন আবার কী বিশেষ পরিস্থিতির সৃষ্টি হলো? নির্বাচিত প্রতিনিধির পরিবর্তে দলীয় প্রশাসক বসানোর এই উদ্যোগ স্থানীয় সরকারের গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করবে।"

নতুন আইন অনুযায়ী, এখন থেকে পৌরসভা বা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীরা দলীয় ব্যানারে বা প্রতীকে লড়তে পারবেন না। এতে নির্বাচনে সবার জন্য সমান সুযোগ তৈরি হবে বলে মনে করছে সরকার। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে এই বিলটি পাসের মাধ্যমে স্থানীয় সরকার কাঠামোতে বড় ধরনের পরিবর্তন সূচিত হলো।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন