ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ফেনী প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে এক গৃহবধূকে (২৫) রাতভর ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক কৃষক দল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ওই নেতার নাম সেন্টু, যিনি সোনাগাজীর ৫নং চরদরবেশ ইউনিয়ন কৃষক দলের সভাপতি এবং সেনেরখিল গ্রামের বেন্ট বাড়ির রফিক উদ্দিনের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল গভীর রাতে টমটম চালক কামাল উদ্দিন সাত্তারের অনুপস্থিতিতে তার বাড়িতে যান সেন্টু। অভিযোগ রয়েছে, ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে তিনি ওই গৃহবধূকে রান্না ঘরে নিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে ওই নারীর চিৎকারে তার স্বামী কামাল উদ্দিন ঘরে ফিরে আসেন এবং তাদের আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন।
এ সময় অভিযুক্ত সেন্টু ভুক্তভোগী ও তার স্বামীকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ঘটনার পরদিন জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ক্ষুব্ধ এলাকাবাসী লম্পট সেন্টুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে, এই ঘটনার পর ওই টমটম চালক তার স্ত্রীকে তালাক দিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ভুক্তভোগীর স্বামী কামাল উদ্দিন সাত্তার বলেন, "আমি সরকারের কাছে এই লম্পট সেন্টুর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সে আমার সাজানো সংসারটা শেষ করে দিয়েছে।"
ঘটনার পর থেকে অভিযুক্ত কৃষক দল নেতা সেন্টু এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, তিনি জেলা ও স্থানীয় প্রভাবশালী বিএনপি ও কৃষক দল নেতাদের অনুসারী হিসেবে পরিচিত।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল ইসলাম জানান, "বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
| আজকের তারিখঃ বঙ্গাব্দ