পরীক্ষায় নকল, নোবিপ্রবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

পরীক্ষায় নকল, নোবিপ্রবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) টার্ম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বিভিন্ন শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই আদেশ প্রকাশ করা হয়। গত ৩ মার্চ অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ৩৯তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সমাজকর্ম বিভাগের দুই শিক্ষার্থীকে ১ বছর (দুই টার্ম) মেয়াদে বহিষ্কার করা হয়েছে।সিএসটিই বিভাগের এক শিক্ষার্থীকে ৬ মাস (এক টার্ম) মেয়াদে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, টার্ম পরীক্ষা চলাকালীন নকল ও মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে অসদুপায় অবলম্বনের দায়ে প্রধান পর্যবেক্ষক তাৎক্ষণিকভাবে তাদের সংশ্লিষ্ট পত্রের পরীক্ষা বাতিল ও হল থেকে বহিষ্কার করেন। পরবর্তীতে শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, ওই দিন থেকে নির্দিষ্ট মেয়াদের জন্য তাদের সকল একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, বহিষ্কৃত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট সেমিস্টারের পূর্ববর্তী পরীক্ষাগুলো বহাল থাকলেও বহিষ্কারকালীন সময়ে তাদের ফলাফল প্রকাশ করা হবে না।

শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ নির্দেশনা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বহিষ্কারের মেয়াদ শেষ হওয়ার পর একাডেমিক কার্যক্রমে ফেরার আগে তাদের বিশ্ববিদ্যালয়ের সাইকোলজিস্টের কাছ থেকে 'সাইকোলজিক্যাল কাউন্সেলিং' সম্পন্ন করতে হবে এবং সেই সংক্রান্ত সার্টিফিকেট জমা দিতে হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন